ছিটকে গিয়ে টেন হাগ বললেন, ‘আরও ভালো করা উচিত ছিল’
চ্যাম্পিয়ন্স লিগের পথচলা শেষের পর এখন প্রিমিয়ার লিগসহ অন্য টুর্নামেন্ট নিয়ে ভাবতে হবে, জানালেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়; জায়গা হয়নি ইউরোপা লিগেও। আপাতত ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ তাই মনোনিবেশ করতে চাইছেন ইংলিশ প্রিমিয়ার লিগে; সেখানেও তার দল নেই ভালো অবস্থায়।
রীতিমতো দুঃস্বপ্নময় একটা মৌসুম যাচ্ছে ইউনাইটেডের। ধারাবাহিক বাজে পারফরম্যান্সে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খাদের কিনারে ছিল আগেই; মঙ্গলবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে হেরে তারা বিদায় নেয় তলানিতে থেকে।
ওল্ড ট্র্যাফোর্ডে বায়ার্নের ঝাপটা সামলে ইউনাইটেড টিকে ছিল ৭০তম মিনিট পর্যন্ত, এরপর কিংসলে কোমানের গোলে পিছিয়ে পড়ে তারা। পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি। ছয় ম্যাচে ১টি করে জয় ও ড্র এবং চার হার নিয়ে ছিটকে যায় ইউরোপ সেরার আসর থেকে।
এমন পারফরম্যান্স যে ইউনাইটেডের সঙ্গে একেবারেই বেমানান, মানছেন টেন হাগ। তিনিও মনে করেন, ভালো করা উচিত ছিল তার দলের। এ মুহূর্তে লিগে নজর দিতে চান টেন হাগ; যেখানে ১৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ‘ধুঁকছে’ ইউনাইটেড।
“বিষয়টা হচ্ছে যে, আমাদের ঝুলিতে যথেষ্ট পয়েন্ট নেই। একটা দল হিসেবে আমরা হতাশ। ম্যানেজার হিসেবে আমিও হতাশ। আমাদের আরও ভালো করা উচিত ছিল। এখনও অনেক প্রতিযোগিতায় খেলা আছে আমাদের এবং আমরা সেদিকে দৃষ্টি দিতে পারি। অবশ্যই, প্রিমিয়ার লিগে মনোযোগ দিতে পারি আমরা।”
“এই পর্যায়ের টুর্নামেন্টে আমরা খেলতে চাই, চ্যাম্পিয়ন্স লিগে। তাই লিগ টেবিলে শীর্ষ চারে থাকতে এবং পরের বছরের চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকতে হবে। এফএ কাপ আছে; মানে খেলার মতো এখনও অনেক কিছু আছে আমাদের।”
সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে চলতি মৌসুমে ১২ ম্যাচ হারল ইউনাইটেড, যার মধ্যে সাতটিই ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে। সামনের পথচলায় দলটির দুঃশ্চিন্তা বাড়িয়েছে বায়ার্ন ম্যাচে পাওয়া হ্যারি ম্যাগুইয়ার ও লুক শ’য়ের পেশির চোট। এ দুজনকে লিভারপুলের বিপক্ষে রোববারের ম্যাচে নাও পেতে পারে ইউনাইটেড। ব্যর্থতার পেছনে সেরা খেলোয়াড়দের সবসময় না পাওয়া একটা কারণ বলে মনে করেন টেন হাগও।
“আমরা একের পর এক খেলোয়াড় হারাচ্ছি (চোটের কারণে), যারা আমাদের জন্য খুবই ম্যাচের ফল নির্ণায়ক, যারা পার্থক্য গড়ে দিতে পারে এবং এই মৌসুমে অনেক ম্যাচেই সেটা বড় হয়ে দেখা দিয়েছে। যাদের খেলাতে চাই, আমরা সবসময় সেই খেলোয়াড়দের পাইনি; অবশ্যই এটা একটা দিক।”
“আমি আপনাদেরকে একটা কারণ বললাম, কিন্তু এটা অজুহাত হিসেবে দেখবেন না। কারণ, দলে সবাই না থাকার পরও আমাদের জিততে হবে। কেননা, এটাই লক্ষ্য, এটাই ম্যানচেস্টার ইউনাইটেডের চাওয়া।”
