২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

'চেলসিতে যোগ দাও', দিবালার প্রতি সিলভার আহ্বান

আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে খেলতে উন্মুখ অভিজ্ঞ এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2023, 03:47 PM

Updated : 10 Jul 2023, 03:47 PM

চলতি গ্রীষ্মের দলবদলে পাওলা দিবালা যোগ দিতে পারেন চেলসিতে, শোনা যাচ্ছে এমন গুঞ্জন। বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ডকে স্ট্যামফোর্ড ব্রিজে দেখতে চান দলটির অধিনায়ক চিয়াগো সিলভাও।

গত গ্রীষ্মে ইউভেন্তুস ছেড়ে তিন বছরের চুক্তিতে রোমায় যোগ দেন দিবালা। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইতালির রাজধানীর ক্লাবটিতে ২৯ বছর বয়সী এই ফুটবলারের রিলিজ ক্লজ ১ কোটি ২০ লাখ ইউরো।

সবশেষ মৌসুমে রোমার ইউরোপা লিগে রানার্সআপ হওয়ায় অবদান ছিল দিবালার। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে ৩৮ ম্যাচ খেলে তিনি করেন ১৮টি গোল, সতীর্থদের দিয়ে করান ৮টি।

এদিকে, গত মৌসুমটা ভীষণ খারাপ গেছে চেলসির। তাই মাওরিসিও পচেত্তিনো কোচ হিসেবে যোগ দিয়ে দল সাজাচ্ছেন নতুন করে। এরই মধ্যে ক্লাবটি ছেড়ে গেছেন বেশ কয়েকজন খেলোয়াড়৷ আক্রমণে দিবালার মাপের একজনের উপস্থিতি দলটির শক্তি বাড়িয়ে দিতে পারে।

দিবালাকে নিজেদের শিবিরে দেখতে উন্মুখ সিলভা। সম্প্রতি ‘এফওয়ান রেস’ দেখতে গিয়ে স্কাই স্পোর্ট ইতালিয়ার সঙ্গে এক আলাপচারিতায় ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার বলেন, ইউভেন্তুসের সাবেক এই ফরোয়ার্ড চেলসিতে আসলে দারুণ হবে।

“আমি পাওলো দিবালাকে এখানে দেখেছি, (সংবাদমাধ্যম) দিবালার চেলসিতে যোগ দেওয়া নিয়ে খবর আসছে। আমি তার সঙ্গে কথা বলেছি এবং জিজ্ঞাসা করেছি সে (চেলসিতে) আসবে কিনা।”

“সে বিশ্বমানের খেলোয়াড়। আমি তার সঙ্গে খেলতে চাই এবং তাকে দলে টানতে পারলে দারুণ হবে। দেখা যাক কী হয়।”

২০২২-২৩ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ১২তম হয় চেলসি, যা ১৯৯৪ সালের পর তাদের লিগে সবচেয়ে বাজে ফলাফল।