১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রেয়াল মাদ্রিদকে শিরোপা জেতানোর প্রতিশ্রুতি সিলভার

সান্তিয়াগো বের্নাবেউয়ে ভক্তদের সামনে মাঠে নামতে উন্মুখ হয়ে আছেন ম‍্যানচেস্টার সিটি থেকে আসা এই পর্তুগিজ মিডফিল্ডার।

রেয়াল মাদ্রিদকে শিরোপা জেতানোর প্রতিশ্রুতি সিলভার
রেয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেসের সঙ্গে বের্নার্দো সিলভা (ডানে)। ছবি: রেয়াল মাদ্রিদ ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 11:33 PM

Updated : 16 Sep 2026, 05:11 PM

আনুষ্ঠানিক ঘোষণার ৩৩ দিন পর ক্লাবের নতুন খেলোয়াড় হিসেবে বের্নার্দো সিলভাকে পরিচয় করিয়ে দিয়েছে রেয়াল মাদ্রিদ। যদিও প্রাক-মৌসুমে প্রস্তুতি ম‍্যাচে এরই মধ‍্যে ইউরোপের সফলতম দলটির হয়ে খেলেছেনও পর্তুগিজ মিডফিল্ডার। নতুন মৌসুমের আগে নতুন চ‍্যালেঞ্জ নিয়ে ভীষণ রোমাঞ্চিত এই তারকা খেলোয়াড় দিলেন দলকে কক্ষপথে রাখার প্রতিশ্রুতি।

অনুষ্ঠানে রেয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস ছাড়াও উপস্থিত ছিলেন সিলভার পরিবারের সদস‍্যরা। ম‍্যানচেস্টার সিটি ছেড়ে আসা ৩২ বছর বয়সী মিডফিল্ডার সান্তিয়াগো বের্নাবেউয়ে খেলবেন ২০২৮ পর্যন্ত। এখানে এসে যেন শৈশবের স্বপ্ন পূরণ হলো তার। 

“যখন ছোট ছিলাম, জানতামও না যে ফুটবলার হবো, তখনও স্বপ্ন দেখতাম যে রেয়াল মাদ্রিদের হয়ে খেলব। এখানে এসে আমি ভীষণ খুশি। 

“এখানে আমি বেশ কিছু ম‍্যাচ খেলেছি। ১৫টি চ‍্যাম্পিয়ন্স লিগ শিরোপা দেখাটা সবসময়ই আকর্ষণীয়, তবে খেলোয়াড় হিসেবে এখানে এসে দেখা আরও বেশি স্পেশাল। এমন ক্লাবে খেলার সুযোগ সবাই পায় না। এই কক্ষে এসে আপনি বুঝবেন, রেয়াল মাদ্রিদ আসলে কত বড়। আমি আগে থেকেই সেটা জানতাম, তবে এখানে এসে সরাসরি সেটা অনুভব করলাম।”

চ‍্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার সফলতম দল রেয়াল। তবে গত দুই মৌসুম ভালো কাটেনি তাদের। জিততে পারেনি বড় কোনো শিরোপা। কঠোর পরিশ্রম দিয়ে রেয়ালের কেবিনেটে আরও অনেক ট্রফি যোগ করতে চান সিলভা।

“এখানে আসতে পেরে আমি খুবই খুশি। সামনেই আমি বের্নাবেউয়ে খেলব এবং ভক্তদের সঙ্গে মিলিত হব। এখন সময় কঠোর পরিশ্রম করা এবং শিরোপা জয় অব‍্যাহত রাখা, যেটা এই ক্লাব করে অভ‍্যস্ত।”