১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এশিয়ান যুব আর্চারিতে আলিফের রুপা জয়

এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ এককের ফাইনালে আশা জাগিয়েও সেরা হতে পারলেন না বাংলাদেশের এই আর্চার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2024, 05:26 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

প্রথম সেট জিতে এগিয়ে গেলেন আব্দুর রহমান আলিফ। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ালেন চাইনিজ তাইপের হুয়াং লি-চেং। তৃতীয় সেট ড্র। পরের দুই সেটেও আলাদা করা গেল না দুজনকে। হাড্ডহাড্ডি লড়াইয়ের পর এক শটের লড়াইয়ে হেরে এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-২১ বিভাগের রিকার্ভ এককে রুপা পেলেন আলিফ।

চাইনিজ তাইপেতে সোমবার ফাইনালে আলিফ হেরে যান ৬-৫ সেট পয়েন্টে। পাঁচ সেটে গড়ানো লড়াই শেষ হয়েছিল ২৮-২৭, ২৬-২৭, ২৮-২৮, ২৮-২৯ ও ২৭-২৩ ব্যবধানে; অর্থাৎ ৫-৫ পয়েন্টের সমতায়।

পদক নির্ধারণী শটে ১০ স্কোর গড়েন লি-চেং। আলিফ স্কোর করেন ৯। তাতে বাংলাদেশের এই তরুণ আর্চারের সোনা জয়ের আশা যায় গুঁড়িয়ে।

এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে ‘বাই’ পেয়েছিলেন আলিফ। সেরা ৩২-এ ৬-০ সেটে তাজিকিস্তানের গনিভ আব্দুমালিককে উড়িয়ে দেন তিনি।

এরপর ৬-৪ সেটে কাজাখস্তানের মাগজানভ ভ্লাদিস্লাভকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠা আলিফ শেষ চারে স্বাগতিক দেশ চাইনিজ তাইপের লিউ তাই-ইয়েনের বিপক্ষে জিতেন ৬-২ ব্যবধানে।

দাপুটে পারফরম্যান্সে সেমি-ফাইনালের বৈতরণী পার হন আলিফ। ইরানের প্রতিযোগী গোলসানি মোহাম্মদ হোসেইনকে ৭-১ সেট পয়েন্টে হারিয়ে ওঠেন ফাইনালে। কিন্তু শেষ ধাপে এসে আশা জাগিয়েও প্রাপ্তির চূড়ায় পৌঁছাতে পারলেন না আলিফ।