২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

দেশের হয়ে শেষ ম্যাচে যে জার্সি পরবেন মেসি

অন্য সময়ের চেয়ে তার এবারের জার্সির নকশায় কিছুটা ভিন্নতা থাকছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Sep 2026, 04:06 PM

Updated : 22 Sep 2026, 04:06 PM

লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে নানা আয়োজন করেছে আর্জেন্টিনা দল। আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের পর্দা টানার ম্যাচটি যেমন তিনি বিশেষ নকশার জার্সি পরে খেলবেন। এই ঐতিহাসিক ক্ষণের জন্য তার জার্সিতে থাকছে সোনালী রংয়ের ছোঁয়া।

গত মাসের শেষ দিনে জাতীয় দলকে বিদায় জানিয়ে দেন মেসি। তাতে গত বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচটিই তার শেষ ম্যাচ হয়ে থাকত। কিন্তু মহানায়ককে দেশের মাঠ থেকে বিদায় দিতে উদ্যোগ নেয় আর্জেন্টিনা এবং সেটাই বাস্তবায়ন হতে যাচ্ছে আগামী ৬ অক্টোবর।

ওই দিনে বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবং শেষবারের মতো আকাশী নীল জার্সিতে মাঠে নামবেন মেসি।

ম্যাচটি যে জার্সি পরে খেলবেন, সেটার ছবি মেসি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, “শেষ ম্যাচ…জীবনের জন্য একটা জার্সি।”

অন্য সময়ের চেয়ে তার এবারের জার্সির নকশায় বেশ কিছু ক্ষেত্রে থাকছে ভিন্নতা। মূল রঙের ক্ষেত্রে থাকবে হালকা নীল, আর মাঝে একটাই সাদা স্ট্রাইপ।

আর পিছনে তার নাম ও ১০ নম্বর লেখা হয়েছে সোনালী রঙে।

এবারের আন্তর্জাতিক বিরতিতে মোট তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ৩০ সেপ্টেম্বর খেলবে বলিভিয়ার বিপক্ষে। আর ৩ অক্টোবর মাঠে নামবে বুর্কিনা ফাসোর বিপক্ষে। এই দুই ম‍্যাচে খেলবেন না মেসি।