১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ব্রাজিল দলে ফেরার অপেক্ষা বাড়ছে জোয়াও পেদ্রোর

সামনের তিনটি প্রীতি ম্যাচের দল থেকে এই ফরোয়ার্ডকে সরিয়ে নেওয়া হয়েছে।

ব্রাজিল দলে ফেরার অপেক্ষা বাড়ছে জোয়াও পেদ্রোর

জোয়াও পেদ্রো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

Published : 17 Sep 2026, 05:49 PM

Updated : 17 Sep 2026, 05:49 PM

বিশ্বকাপ দলে ডাক না পাওয়ার হতাশা ভুলে জাতীয় দলে ফেরার আশায় ছিলেন জোয়াও পেদ্রো। কিন্তু চোটের ছোবলে আপাতত তার অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। সামনের তিনটি প্রীতি ম্যাচের দল থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে।

চলতি মাসের শেষ সপ্তাহে শুরু আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি এবং ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। উত্তর আমেরিকা বিশ্বকাপে ব্যর্থ অভিযানে শেষ ষোলো থেকে বিদায়ের পর, এই প্রথম মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল।

এজন্য কিছুদিন আগে পেদ্রোকে ফিরিয়ে এবং বিশ্বকাপ স্কোয়াডের অনেক অভিজ্ঞদের বাদ দিয়ে তারুণ্যনির্ভর স্কোয়াড গড়েন আনচেলত্তি। কিন্তু হলুদ জার্সি এ যাত্রায়ও পরা হচ্ছে না পেদ্রোর।

জাতীয় দলের হয়ে আট ম্যাচের সবশেষটি পেদ্রো খেলেছেন গত এপ্রিলে, ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে।

তার চোটের ধরণ সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে সামাজিক মাধ্যমে তারা চেলসি ফরোয়ার্ড পেদ্রোর পরিবর্তে ফ্লুমিনেন্সের মিডফিল্ডার মাতেউস মার্তিনেল্লিকে নেওয়ার কথা জানিয়েছে।

গত শনিবার প্রিমিয়ার লিগে হাল সিটির বিপক্ষে চেলসির ২-২ ড্র ম্যাচের পুরোটা সময়ই অবশ্য খেলেন ২৪ বছর বয়সী পেদ্রো। ম্যাচটিতে একটি করে গোল ও অ্যাসিস্টও করেন তিনি।

আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর ব্রাজিল খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। পরে ৩ অক্টোবরে কলকাতায় দলটি মুখোমুখি হবে ভারতের।

অস্ট্রেলিয়ায় ম‍্যাচ দুটি হবে টাউন্সভিল ও ব্রিজবেনে। দেশটির বিপক্ষে পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা সবশেষ খেলে ২০১৭ সালে, সেবার ৪-০ গোলে জিতেছিল তারা। ভারতের বিপক্ষে খেলবে এই প্রথম।