বিশ্বকাপ বাছাই
Published : 21 Nov 2025, 03:17 PM
টানা তৃতীয়বার প্লেঅফের তীব্র স্নায়ু চাপের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ ইতালির সামনে। যেখানে প্রথম ধাপে নর্দার্ন আয়ারল্যান্ডকে পেয়েছে তারা, যে দলটি শারীরিক দিক থেকে খুবই শক্তিশালী। তবে এসব নিয়ে ভাবছেন না জেন্নারো গাত্তুসো। প্লেঅফের বৈতরণী পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে আত্মবিশ্বাসী ইতালির কোচ।
ইউরোপিয়ান অঞ্চলের প্লেঅফের ‘এ’ গ্রুপে পড়েছে ইতালি। আগামী মার্চে প্রথম সেমি-ফাইনালে তারা খেলবে নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে। আর দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে ওয়েলস ও বসনিয়া-হার্জেগোভিনা।
এই দুই সেমি-ফাইনালের জয়ী দল লড়বে ফাইনালে এবং এই ম্যাচের বিজয়ী পাবে বিশ্বকাপের টিকেট।
চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তাদের সবশেষ শিরোপা জেতে ২০০৬ সালে। পরের দুই আসরে তারা বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। আর শেষ দুই আসরে তো বাছাইয়েই শেষ তাদের বিশ্বকাপ। আরেকবার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে না পারার শঙ্কা তাদের সামনে।
গত দুই আসরে এই প্লে অফ পর্বেই ব্যর্থ হয়েছিল ইতালি। ২০১৮ আসরের প্লে অফে দুই লেগের লড়াইয়ে সুইডেনের বিপক্ষে হারে তারা। পরেরবার বিস্ময়করভাবে নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে হেরে যায় ইতালি। সেই ম্যাচে জিতলে অবশ্য পরে পর্তুগালের মুখোমুখি হতে হতো তাদের।
এবার বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে নিজেদের প্রস্তুত মনে করছেন গাত্তুসো।
“নর্দার্ন আয়ারল্যান্ড শারীরিক দিক থেকে শক্তিশালী দল, তারা কখনও হাল ছাড়ে না। আমাদের এটা সামলাতে হবে। আমি তিন মাস ধরে এটা বলে আসছি। আমরা জানতাম, আমাদের প্লেঅফ খেলতে হবে… আত্মবিশ্বাসের সঙ্গে সামনে তাকিয়ে আছি।”
গত জুনে নরওয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারের পর ইতালির ভক্তদের মনে শঙ্কা জমে, হয়তো দল সরাসরি বিশ্বকাপে যেতে পারবে না। ওই হারের পথ ধরে চাকরি হারান লুসিয়ানো স্পালেত্তি, তার জায়গায় আসেন জেন্নারো গাত্তুসো।
নতুন কোচের দায়িত্বে এস্তোনিয়া, ইসরায়েল ও মলডোভার বিপক্ষে জেতে ইতালি। কিন্তু বাছাইয়ের শেষ ম্যাচে তারা ৪-১ গোলে হেরে যায় নরওয়ের কাছে।
নকআউট পর্বের প্লেঅফে গত ম্যাচের ভুলের পুনরাবৃত্তি করার কোনো সুযোগ দেখেন না গাত্তুসো।
“এই মুহূর্তে, আমাদের দুর্বলতা নিয়ে কাজ করতে হবে, কারণ আমরা প্রমাণ করেছি যে, যখন সবকিছু ঠিকঠাক করতে পারি, তখন আমরা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল।”
“অবশ্যই, গত ম্যাচের মতো ভুল করার সুযোগ নেই, তবে এই জায়গায় উন্নতি করাই আমার অগ্রাধিকার।”
কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে আগামী বছরের ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপ।