তদন্ত কমিটিতে ‘নেই’ দুজন, সালাউদ্দিনের আপত্তিকর মন্তব্য এবং পরে ক্ষমা প্রার্থনা
গণমাধ্যমকর্মীদের নিয়ে বাজে মন্তব্য করার পর ক্ষমা চেয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
বাফুফের কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে আদতে কোনো কার্যকর সিদ্ধান্ত হয়নি। তবে বিতর্ক হয়েছে। সেই বিতর্কের জন্ম দিয়েছেন স্বয়ং বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সংবাদকর্মীদের নিয়ে তাচ্ছিল্যভরা সেই মন্তব্যের পর অবশ্য প্রবল সমালোচনার ঝড়ের মধ্যে ক্ষমাও চেয়েছেন তিনি।
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ের প্রথম ধাপে সেরা হওয়া মেয়েদের ‘ধন্যবাদ’ জানানো হয় এই সভায়। মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ফুটবলের অনুমোদনও দেওয়া হয়। আর্থিক কেলেংকারির কারণে ফিফার নিষেধাজ্ঞা পাওয়া ‘সাবেক’ সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের বিষয়ে তদন্ত কমিটির সদস্য সংখ্যা কমেছে দুই জন। এই কমিটি তদন্তের জন্য সময় চেয়েছে ৩০ কার্যদিবস। এসব নিয়ে সংবাদ সম্মেলন করতে এসে গণমাধ্যমকর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বাফুফে সভাপতি। পরে তা চাউর হওয়ায় তড়িঘড়ি করে ভিডিও বার্তা দিয়ে দুঃখপ্রকাশ করেন তিনি।
বাফুফে ভবনে মঙ্গলবার কার্যনির্বাহী কমিটি সভায় বসে। অনেক আগে থেকেই নির্ধারিত হয়ে রয়েছে প্রথমবারের মতো ১৫ মে মাঠে গড়াতে যাওয়া মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ; এই লিগেরই অনুমোদন দেওয়া হয়েছে সভায়।
এর আগে কেলেংকারির বিষয়ে তদন্তে ১০ সদস্যের কমিটি ঘোষণা করেছিল বাফুফে। কিন্তু ‘ব্যক্তিগত’ কারণে দুই সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি ও আতাউর রহমান ভূইয়া মানিক সরে দাঁড়িয়েছেন। তবে বাকি আট জনকে নিয়ে নিজেদের কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন এই আহ্বায়ক কমিটির প্রধান আরেক সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।
“আমাদের কমিটিতে যারা রয়েছেন তারা অত্যন্ত বিজ্ঞ এবং অভিজ্ঞ। তাদের নিয়ে আমরা শীঘ্রই কাজ শুরু করব। আমরা প্রথম সভা করে একটি রূপরেখা করব। প্রথম সভার পরই আমাদের কর্মপদ্ধতি ও নানা বিষয় অবহিত করা হবে।”
এই সংবাদ সম্মেলন শুরুর আগেই গণমাধ্যমকর্মীদের নিয়ে সেই মন্তব্য করেন সালাউদ্দিন, যে কথাগুলো রেকর্ড হয়ে যায় আগে থেকেই টেবিলে রাখা ফোনে ও রেকর্ডারে। সেখানে বাফুফে সভাপতির কণ্ঠে শোনা যায় আপত্তিকর মন্তব্য।
“জার্নালিস্টরা এখানে ঢুকতে গেলে, আমার এখানে তাদের বাপ-মায়ের ছবি দিতে হবে। আরেকটা কন্ডিশন হলো তার বাপের ফটো পাঠাবে জুতা পরা, ঠিক আছে (হাসি)। এটা হতে হবে ম্যান্ডাটরি। বাপের জুতা পরা ছবি থাকতে হবে।”
পরে বিষয়টি চাউর হলে বাফুফের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও বার্তা পাঠান সালাউদ্দিন। সেখানে অসৌজন্যমূলক ওই আচরণের জন্য ক্ষমা চান আগে থেকেই নানা কারণে সমালোচনার মধ্যে থাকা বাফুফে সভাপতি।
“আমি দেখেছি যে, আমি সাংবাদিকদের আহত করার জন্য একটা কথা বলেছি। আসলে আমি সাংবাদিকদের কষ্ট দেওয়ার জন্য কিছু বলিনি। আমি নাবিলের সঙ্গে একটি জিনিস নিয়ে মজা করছিলাম। সেটা যে কেউ টেপ (রেকর্ড) করছিল, আমি জানি না।”
“এ কথায় আমি যদি কাউকে দুঃখ দিয়ে থাকি, তাহলে আমি খুব দুঃখিত, ক্ষমা চাই। আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি। আমাদের ব্যক্তিগত মজা চলছিল। ওখানে যে টেপ (রেকর্ড) আছে, সেটাও আমি জানি না। কাউকে কষ্ট দিয়ে থাকলে, অবশ্যই এটার জন্য আমি খুব দুঃখিত।”
