০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

নূরের ঝলকানিতে বিধ্বস্ত জিম্বাবুয়ে

রেকর্ড গড়া বোলিংয়ে ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিলেন আফগানিস্তানের এই বাঁহাতি রিস্ট স্পিনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 01:27 PM

Updated : 02 Nov 2026, 01:27 PM

প্রায় সাড়ে চার বছর আগে অভিষেক টি-টোয়েন্টিতে চার উইকেট নিয়েছিলেন নূর আহমাদ। পরে নানা সময়ে ভালো করলেও আর কখনও ম্যাচে দুই উইকেটের বেশি নিতে পারেননি। দারুণ সব স্পিনারে সমৃদ্ধ আফগানিস্তান দলে নিয়মিত সুযোগও মেলে না তার। সেই বাঁহাতি রিস্ট স্পিনার এবার সুযোগ পেয়ে স্পিন জালে পুরোপুরি আটকে ফেললেন জিম্বাবুয়েকে।

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৩.৩ ওভার বোলিং করে ১৩ রানে ৫ উইকেট শিকার করেন নুর। ৭ উইকেটে জিতে ৩ ম্যাচের সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে আফগানিস্তান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রোববার টস হেরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে প্রথম চার ওভারে হারায় তিন উইকেট। পরে রায়ান বার্ল (৩০) ও ওয়েসলি মাধেভেরে (১০) ছাড়া আর কেউ দুঅঙ্ক স্পর্শ করতে পারেননি। ১৪.৩ ওভারেই জিম্বাবুযে গুটিয়ে যায় ৭৯ রানে।

পঞ্চম বোলার হিসেবে আক্রমণে এসে দ্বিতীয় ওভারেই তিনটি উইকেট নেন নূর। পরে যোগ করেন আরও দুটি। বাঁহাতি স্পিনে আফগানিস্তানের হয়ে এই প্রথম টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট নিতে পারলেন কেউ।

অভিষেকে দুটি উইকেট নেন পেসার আব্দুল্লাহ তারাখাইল।

রান তাড়ায় আফগানিস্তান জিতে যায় ৮.১ ওভারে।

ম্যাচসেরা হন নূর। ১৪১ রান করার পাশাপাশি ৪ উইকেট নিয়ে সিরিজসেরা আজমাতউল্লাহ ওমারজাই।

সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তান জিতেছিল ৩৭ রানে, পরেরটিতে ১৯ রানে।

দুই দল এখন শারজাহতেই খেলবে দুটি টেস্ট। প্রথমটি শুরু বৃহস্পতিবার।

এই সিরিজের আগে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আফগানরা।