টেন হাগের সংবাদ সম্মেলনে সাংবাদিক নিষিদ্ধ
স্কাই, ইএসপিএন, ম্যানচেস্টার ইভিনিং নিউজ ও মিররের সাংবাদিকদের টেন হাগের মঙ্গলবারের সংবাদ সম্মেলনে নিষিদ্ধ করা হয়।
সময় তেমন ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচ হেরে চাপে আছেন কোচ এরিক টেন হাগ। কয়েকটি সংবাদমাধ্যমের খবর, ডাচ কোচের অনুশীলনের ধরন ও খেলানোর কৌশল নিয়ে অসন্তুষ্ট দলের অনেক খেলোয়াড়। এই ‘ভুয়া’ খবরের জেরে চারটি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের টেন হাগের সংবাদ সম্মেলনে নিষিদ্ধ করেছে প্রিমিয়ার লিগের সফলতম দলটি।
স্কাই, ইএসপিএন, ম্যানচেস্টার ইভিনিং নিউজ ও মিররের সাংবাদিকদের টেন হাগের মঙ্গলবারের সংবাদ সম্মেলনে থেকে নিষিদ্ধ করার কথা এ দিন বিবৃতি দিয়ে জানায় ইউনাইটেড। তাদের দাবি, ক্লাবকে ঘিরে নেতিবাচক সংবাদ করার ক্ষেত্রে তাদের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হয়নি।
“আমরা বেশ কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আমাদের অপছন্দের নিউজ প্রকাশ করার জন্য (এই পদক্ষেপ) নয়, বরং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের মন্তব্য জানতে আমাদের সঙ্গে যোগাযোগ না করে এসব প্রকাশ করার জন্য।”
এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে আট জয়ের বিপরীতে ছয়টিতে হেরেছে ইউনাইটেড। ২৪ পয়েন্ট নিয়ে টেবিলে সপ্তম স্থানে আছে দলটি। বুধবার তারা মুখোমুখি হবে চেলসির।
