১৯ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

আতলেতিকোর মাঠে ১০ জন নিয়ে রেয়াল মাদ্রিদের হার

মেত্রোপলিতানোয় রেয়াল মাদ্রিদের দুঃস্বপ্নের যাত্রা প্রলম্বিত হলো আরও।

আতলেতিকোর মাঠে ১০ জন নিয়ে রেয়াল মাদ্রিদের হার

ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 10:26 PM

Updated : 21 Sep 2026, 01:14 AM

দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি আর ডিন হাউসেনের লাল কার্ডে বদলে গেল ম‍্যাচ। ডিফেন্ডারকে হারিয়ে খেই হারাল রেয়াল মাদ্রিদ। একজন বেশি থাকার সুবিধা কাজে লাগিয়ে চালকের আসনে বসল আতলেতিকো মাদ্রিদ। শেষ দিকে প্রাণপণ লড়াই করলেও, হার এড়াতে পারল না জুজে মরিনিয়োর দল।

মেত্রোপলিতানোয় লা লিগার মহারণে ২-১ গোলে হেরেছে রেয়াল। তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

সফল স্পট কিকে আলেহান্দ্রো গ্রিমাল্দো স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব‍্যবধান দ্বিগুণ করেন জনাতেন ডেভিড। শেষ দিকে ব‍্যবধান কমিয়ে রেয়ালের আশা জাগান আন্টোনিও রুডিগার। তবে হার এড়াতে পারেননি সফরকারীরা।

 রেয়ালকে হারিয়ে দুই নম্বরে উঠে এসেছে আতলেতিকো। ৭ ম‍্যাচে তাদের পয়েন্ট ১৬। ২১ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সেলোনা। ১৫ পয়েন্ট নিয়ে তিনে মরিনিয়োর দল।

রেয়ালে দ্বিতীয় মেয়াদের শুরুটা ভালো হলো না অভিজ্ঞ পর্তুগিজ কোচের। লিগে প্রথম সাত ম‍্যাচের দুটিতে হারের তেতো স্বাদ পেলেন তিনি।

ঘরের মাঠে প্রথম সুযোগ পায় আতলেতিকো। পঞ্চদশ মিনিটে ক‍্যাং-ইন লির চমৎকার ক্রসে ঠিকঠাক হেড করতে পারেননি ডেভিড।

ছয় মিনিট পর ডি বক্সের অনেক বাইরে থেকে জোরাল শট লক্ষ‍্যে রাখতে পারেননি অহেলিয়া চুয়ামেনি। আতলেতিকোর জমাট রক্ষণ ভাঙার পথ না পেয়ে অনেকটা মরিয়া হয়েই যেন শট নেন ফরাসি এই মিডফিল্ডার।

২২তম মিনিটে বিপজ্জনক জায়গায় বল পেয়ে শট লক্ষ‍্যে রাখতে পারেননি জুলিয়ানো সিমেওনে। নষ্ট হয় স্বাগতিকদের ভালো একটি সুযোগ।

৩২তম মিনিটে লির ক্রস ঝাঁপিয়ে হাত বাড়িয়ে কোনোমতে ঠেকান তিবো কোর্তোয়া। তাতে বলের নাগাল পাননি আলেক্স বায়েনা।

৪০তম মিনিটে আর্দা গুল‍্যারের শট যায় আতলেতিকো গোলরক্ষক ইয়ান ওবলাক বরাবর। সহজেই ঠেকান অভিজ্ঞ গোলরক্ষক। দুই দল মিলিয়েই এটা লক্ষ‍্যে প্রথম শট।

বিরতির সময় লাল কার্ড দেখেন আতলেতিকোর গোলকিপিং কোচ ও রেয়াল মাদ্রিদের সহকারী কোচ!

৪৬তম মিনিটে বায়েনার শট ঝাঁপিয়ে ঠেকান কোর্তোয়া। লক্ষ‍্যে এটাই স্বাগতিকদের প্রথম শট।

রেয়ালকে বেশ চাপে রাখা আতলেতিকো এগিয়ে যায় ৫৩তম মিনিটে, গ্রিমাল্দোর সফল স্পট কিকে। ঠিক দিতে ঝাঁপ দিলেও বলের জালে যাওয়া ঠেকাতে পারেননি কোর্তোয়া।

সিমেওনেকে ফাউল করায় পেনাল্টি পায় আতলেতিকো। মনিটরে রিপ্লে দেখে হাউসেনকে লাল কার্ড দেখান রেফারি। শুরুতে স্প‍্যানিশ ডিফেন্ডারকে হলুদ কার্ড দেখিয়েছিলেন তিনি।

একজন কমে যাওয়ায় পরিকল্পনায় পরিবর্তন আনেন মরিনিয়ো। ভিনিসিউস জুনিয়র ও গুল‍্যারকে তুলে নেন তিনি। মাঠে নামান ইয়ান ডিওমান্ডে ও আন্টোনিও রুডিগারকে।

রেয়াল নিজেদের গুছিয়ে নেওয়ার আগেই ব‍্যবধান দ্বিগুণ করে আতলেতিকো। সিমেওনের চমৎকার ক্রসে বাকিটা সারেন অরক্ষিত ডেভিড। 

৬৬তম মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরোর গতিময় হেড কোনোমতে ঠেকান রেয়াল গোলরক্ষক। ফিরতি বলে হুলিয়ান আলভারেসের শট গোললাইন থেকে হেড করে ফিরিয়ে দেন কোনাতে।

৭৭তম মিনিটে ব‍্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করেন ডিওমান্ডে। ডি বক্সের বাইরে থেকে ওবলাক বরাবর শট নেন তরুণ এই উইঙ্গার। দ্বিতীয়ার্ধে এটাই লক্ষ‍্যে সফরকারীদের প্রথম শট।

৮৯তম মিনিটে বের্নার্দো সিলভার ফ্রি কিকে চমৎকার হেডে ব‍্যবধান কমান রুডিগার। জেগে ওঠে রেয়ালের আশা।

পরের মিনিটে একটুর জন‍্য শট লক্ষ‍্যে রাখতে পারেননি আলভারেস।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দারুণ সুযোগ পান কিলিয়ান এমবাপে। তবে তিনি শট নেওয়ার আগেই দলকে বিপদমুক্ত করেন সিমেওনে। বাকি সময়টা কোনোমতে কাটিয়ে দিয়ে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আতলেতিকো।

২০২২ সালে সবশেষ মেত্রোপলিতানোয় জয় পাওয়া রেয়াল আরও একবার মাঠ ছাড়ল হতাশা নিয়ে। সঙ্গে যোগ হলো মৌসুমে শুরুতেই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে পড়ার আক্ষেপ।