২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

সেমি-ফাইনালে ভুটানকে প্রতিপক্ষ পেল বাংলাদেশ

মালদ্বীপকে ১৩-০ গোলে উড়িয়ে গ্রুপ সেরা হওয়ার আশা জাগিয়েছিল ভুটান, কিন্তু তাদের আশা মাটি করে দিয়েছে স্বাগতিক নেপাল।

বিডিনিউজ২৪

মোহাম্মদ জুবায়ের, কাঠমাণ্ডু থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2024, 08:45 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

‘বি’ গ্রুপের সেরা হওয়ার প্রবল আশা ভুটান জাগিয়েছিল মালদ্বীপকে উড়িয়ে; কিন্তু তাদের চাওয়াটা পূরণ হতে দেয়নি নেপাল। শ্রীলঙ্কাকে হারিয়ে সমীকরণ মিলিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে উঠেছে স্বাগতিকরা। তাতে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে এবারও দেখা হচ্ছে বাংলাদেশ ও ভুটানের।

নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের ম্যাচে দিনের শুরুতে মুখোমুখি হয়েছিল মালদ্বীপ ও ভুটান; ওই ম্যাচে মুড়িমুড়কির মতো গোল করে ১৩-০ ব্যবধানের জয় তুলে নেয় ভুটান। 

তাতে গ্রুপ সেরা হতে শ্রীলঙ্কার বিপক্ষে কমপক্ষে ৬ গোলের ব্যবধানের জয় দরকার ছিল নেপালের। ৬-০ ব্যবধানে জিতেই গোল ব্যবধানে এগিয়ে থাকার সমীকরণ মিলিয়ে নিয়েছে তারা।

প্রথম সেমি-ফাইনালে আগামী রোববার মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ ভুটান ও ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমি-ফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন সাবিনা-ঋতুপর্ণারা।

গত জুলাইয়ে দুই ম্যাচে মুখোমুখি হয়েছিল ভুটান ও বাংলাদেশ। যথাক্রমে ৫-১ ও ৪-২ গোলে জিতেছিল পিটার বাটলারের দল।

একই দিনে দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। দুই বছর আগে একই ভেন্যুতে সেরা চারের লড়াইয়ে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল নেপাল। পরে ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল তাদের।