১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়দের ‘গতি ও শক্তি বেড়েছে’

টানা দুটি ম্যাচে জয়ের পাশাপাশি দ্যুতিময় পারফরম্যান্স উপহার দিয়েছে গত মৌসুমের হতাশায় মোড়া দলটি।

ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়দের ‘গতি ও শক্তি বেড়েছে’
বোর্নমাউথকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ছবি: ম্যানচেস্টার ইউনাইটেড ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2025, 05:27 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

গত মৌসুমের টানা বাজে পারফরম্যান্সে ও প্রিমিয়ার লিগ যুগের সবচেয়ে বাজে অবস্থানে যেন অন্ধকার এক গুহায় ঢুকে পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে নতুন মৌসুম শুরুর আগে আশার আলো দেখতে শুরু করেছেন দলটির কোচ হুবেন আমুরি।

প্রাক মৌসুমের যুক্তরাষ্ট্র সফরে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে জয়ের তিন দিনের মাথায় আরও দাপুটে পারফরম্যান্স উপহার দিয়েছে আমুরির দল। প্রিমিয়ার লিগের আরেক দল বোর্নমাউথকে গুঁড়িয়ে দিয়েছে ৪-১ গোলে।

গত দুই মৌসুমে লিগের চার দেখায় এই বোর্নমাউথের বিপক্ষে একবারও জিততে পারেনি ইউনাইটেড। ঘরের মাঠে দুটি ম্যাচেই তারা হেরেছিল ৩-০ ব্যবধানে, আর অ্যাওয়ে ম্যাচে করেছিল ড্র।

শিকাগোর সোলজার স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালের ম্যাচে গাসমুস হয়লুনের হেডে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইউনাইটেড। খানিক পর ব্যবধান বাড়ান প্যাট্রিক ডোর্গু। দ্বিতীয়ার্ধে জালে বল পাঠিয়ে দলের বড় জয় নিশ্চিত করেন আমাদ দিয়ালো ও ইথান উইলিয়ামস। 

শেষদিকে তাদের ডিফেন্ডার মাটাইস ডি লিখট আত্মঘাতী হলে ব্যবধান একটু কমে।

আমুরির চোখে অবশ্য স্কোরলাইন নয়, বিশেষ করে ধরা দিচ্ছে দলের সামগ্রিক পারফরম্যান্স এবং দলের সবার মধ্যে দারুণ বোঝাপড়া।

“আমরা উন্নতি করছি। তবে এটা কেবলই একটা প্রাক মৌসুমের ম্যাচ। মূল মৌসুমের খেলার চাপ এখনকার থেকে অনেক আলাদা হবে। আমার মতে, তারা (আগের তুলনায়) তুলনামূলক ভালো খেলছে এবং একে অপরের মধ্যে সংযোগ ও বোঝাপড়া ভালো হচ্ছে। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও। আমার চোখে তারা এখনও আরও শক্তিশালী, ক্ষিপ্র।”

“প্রতি মিনিটের খেলার পরিসংখ্যানেই সেটা দেখতে পাচ্ছি। খেলোয়াড়দের নিজেদের জন্যই এটা অনুধাবন করা গুরুত্বপূর্ণ যে, সেই একই খেলোয়াড়রাই ভিন্ন ধাঁচে খেলতে পারে।”

দীর্ঘদিন ধরে অতীতের কঙ্কাল হয়ে থাকা ওল্ড ট্র্যাফোর্ডের দলটি গত মৌসুমে লিগ শেষ করে ১৫তম স্থানে থেকে, প্রিমিয়ার লিগ যুগে যা তাদের সবচেয়ে বাজে অবস্থান। তবে সেই হতাশা এবার ঝেড়ে ফেলে সাফল্যের পথে ছুটতে মরিয়া দলটি।

যুক্তরাষ্ট্রে এই প্রস্তুতিপর্বে আরও একটি ম্যাচ খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড, আগামী রোববার এভারটনের বিপক্ষে।