১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা দৌড়ে আরও পিছিয়ে পড়ল বসুন্ধরা কিংস

রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে জ্বলে উঠতে পারেনি বসুন্ধরা কিংসের আক্রমণভাগ।

শিরোপা দৌড়ে আরও পিছিয়ে পড়ল বসুন্ধরা কিংস
লিগে টানা দুই ম্যাচ জয়হীন থাকল বসুন্ধরা কিংস। ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2025, 06:28 PM

Updated : 10 Sep 2026, 12:40 PM

শুরু থেকে রক্ষণ জমাট রেখে খেলল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। বসুন্ধরা কিংস পারল না সেই দেয়ালে চিড় ধরাতে। আরেকটি ড্রয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই থেকে আরও দূরে সরে গেল ভ্যালেরি তিতের দল। 

মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শনিবার রহমতগঞ্জের সঙ্গে গোলশুন্য ড্র করেছে বসুন্ধরা কিংস। এতে শীর্ষস্থান থেকে ১০ পয়েন্ট পিছিয়ে পড়েছে তারা।

১২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে কিংস। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান।

এ নিয়ে লিগে টানা দুই ম্যাচ জয়হীন থাকল কিংস। আগের ম্যাচে মোহামেডানের কাছে হেরেছিল ভ্যালেরি তিতের দল।

সাদামাটা প্রথমার্ধে ২৭তম মিনিটে প্রথম ভালো আক্রমণ শাণায় রহমতগঞ্জ। সলোমন কিং কনফার্মের ফ্রি কিক ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। 

দুই মিনিট পর সতীর্থের কাটব্যাক বক্সে ভালো জায়গায় থেকেও রিসিভ করতে পারেননি হুয়ান এদুয়ার্দো লেসকানো। আর্জেন্টাইন ফরোয়ার্ড নিজেকে মেলে ধরতে ব্যর্থ হওয়ায় প্রথমার্ধের শেষে তাকে তুলে নেন কিংস কোচ।

৪২তম মিনিটে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট হয় কিংসের। বাঁ দিক থেকে আসা ক্রস আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়েও নাগাল পাননি গোলকিপার শহীদুল আলম সোহেল। ফাঁকা পোস্টে বল জড়াতে টোকা দিতে গোলমুখে ছুটেছিলেন রাকিব হোসেন, কিন্তু বলের গতির সাথে তাল মেলাতে পারেনি। হতাশায় মুখ ঢাকেন এই ফরোয়ার্ড।  

দ্বিতীয়ার্ধেও খেলা হতে থাকে একই ধাঁচে। তাতে শেষ পর্যন্ত রহমতগঞ্জের প্রতিরোধ ভাঙতে পারেনি কিংস। প্রথম লেগে পুরান ঢাকার দলটির বিপক্ষে ৪-১ গোলে জিতেছিল তারা।

১৯ পয়েন্ট চতুর্থ স্থানে আছে রহমতগঞ্জ।

দিনের অন্য ম্যাচে, ময়মনসিংয়ের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। দ্বাদশ মিনিটে জাকারিয়া ডারবোয়ে গোপীবাগের দলটিকে এগিয়ে নেওয়ার পর ৭৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমফন উদোহ।টানা দুই হারের পর জয়ের দেখা পাওয়া ব্রাদার্স ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। ১১তম হারের তেতো স্বাদ পাওয়া চট্টগ্রাম আবাহনী ৩ পয়েন্ট নিয়ে আছে তলানিতেই।

উত্তাপ ছড়ানো আবাহনী-মোহামেডান ম্যাচ ড্র