সেন্ট্রাল এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার আমন্ত্রণ রাশিয়াকে
সিএএফএ চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমন্ত্রিত হয়েছে ফিফা নিষেধাজ্ঞায় থাকা দেশটি।
আন্তর্জাতিক ফুটবলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে রাশিয়ার। সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (সিএএফএ) চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে খেলতে আমন্ত্রণ জানানো হয়েছে ফিফা ও উয়েফার নিষেধাজ্ঞায় থাকা দেশটিকে।
ইউক্রেইনে গত ফেব্রুয়ারিতে রাশিয়া আগ্রাসন শুরুর পর দেশটির দলগুলোকে ফিফা ও ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয়। রুশ প্রশাসন অবশ্য শুরু থেকে ইউক্রেইনে তাদের হামলাকে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে আসছে।
তাজিকিস্তান ফুটবল ফেডারেশন (টিএফএফ) সোমবার জানিয়েছে যে, সিএএফএ-এর উদ্বোধনী টুর্নামেন্টে ছয় সদস্য দেশ ও অন্য একটি দেশের সঙ্গে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে রাশিয়াকে।
টুর্নামেন্টটি আগামী ৯ থেকে ২১ জুন সময়ে হওয়ার কথা রয়েছে।
এশিয়ান ফুটবল কাউন্সিল (এএফসি) এর অংশ সিএএফএ। ২০১৪ সালে মধ্য এশিয়ার দেশ আফগানিস্তান, ইরান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের জাতীয় ফেডারেশন নিয়ে সংস্থাটি গঠিত হয়।
টিএফএফ আরও জানিয়েছে, রাশিয়া এরই মধ্যে তাদের আমন্ত্রণ গ্রহণ করেছে। তবে রাশিয়ান ফুটবল ফেডারেশন (আরএফইউ) দেশটির সংবাদ সংস্থা টিএএসএস-কে বলেছে যে, টুর্নামেন্টে রাশিয়ার অংশগ্রহণের সম্ভাবনা এবং শর্তগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে।
এএফসি ও সিএএফএ তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য বার্তা সংস্থা রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি।
আগামী ২০ মার্চ থেকে অনুষ্ঠেয় দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপে অংশ নেবে রাশিয়ার অনূর্ধ্ব-১৭ নারী দল।
রাশিয়ার পুরুষ দল গত বছর কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচ খেলেছে। চলতি মাসে তাদের ইরান ও ইরাকের বিপক্ষে খেলার কথা রয়েছে।
