১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চেলসি থেকে ধারে এসি মিলানে ফেলিক্স

মৌসুমের বাকি সময়ের জন্য ইতালিয়ান ক্লাবটিতে যোগ দিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড।

চেলসি থেকে ধারে এসি মিলানে ফেলিক্স
জোয়াও ফেলিক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2025, 09:44 PM

Updated : 26 Aug 2026, 11:44 AM

সংবাদমাধ্যমে খবর এসেছিল আগেই। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। চেলসি থেকে ধারে মৌসুমের বাকি সময়ের জন্য এসি মিলানে যোগ দিলেন পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। 

২৫ বছর বয়সী এই ফুটবলারকে দলে নেওয়ার কথা মঙ্গলবার বিবৃতি দিয়ে জানিয়েছে ইতালিয়ান ক্লাবটি। চুক্তিতে তাকে পাকাপাকিভাবে কিনে নেওয়ার কোনো ধারা রাখা হয়নি।

ফেলিক্স সোমবার মিলানে পা রাখেন এবং তার মেডিকেল সম্পন্ন হয়। এরপর চুক্তিতে সই করেন তিনি।  

আতলেতিকো মাদ্রিদ থেকে গত অগাস্টে সাত বছরের চুক্তিতে চেলসিতে যোগ দেন ফেলিক্স। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চুক্তির অঙ্কটা ৫ কোটি ইউরো। ২০২২-২৩ মৌসুমের দ্বিতীয় ভাগেও ধারে চেলসিতে খেলেছিলেন তিনি।   

দ্বিতীয় দফায় স্ট্যামফোর্ড ব্রিজে এসে প্রথম ম্যাচেই তিনি গোলের দেখা পান প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে। তারপরও এন্টসো মারেস্কার কোচিংয়ে লিগে মাত্র তিনটি ম্যাচে শুরুর একাদশে খেলার সুযোগ পান তিনি। মৌসুমে লিগে ১২ ম্যাচে তার গোল ওই একটিই। 

মিলানে ফেলিক্স পেয়েছেন ৭৯ নম্বর জার্সি। ইতালিয়ান কাপের কোয়ার্টার-ফাইনালে বুধবার রোমার বিপক্ষে ম্যাচ দিয়ে দলটির জার্সিতে অভিষেক হতে পারে তার।