‘দল হিসেবে খেলেছে রেয়াল’
শালকের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দলীয় প্রচেষ্টা ও খেলোয়াড়দের বোঝাপড়ায় খুশি রেয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনিয়ো।
জয় দিয়ে প্রস্তুতি পর্ব শেষ করেছে রেয়াল মাদ্রিদ। টানা দুটি শিরোপাশূন্য মৌসুম কাটানো দলটির সামনে এবার কক্ষপথে ফেরার চ্যালেঞ্জ। সেই অভিযানে নামার আগে দলের খেলায় খুশি জোসে মরিনিয়ো। শালকের বিপক্ষে দলীয় প্রচেষ্টা ও খেলোয়াড়দের বোঝাপড়া ভালো লেগেছে দ্বিতীয় মেয়াদে সান্তিয়াগো বের্নাবেউয়ে ফেরা অভিজ্ঞ এই কোচের।
জার্মানির শীর্ষ লিগ বুন্ডেসলিগায় ফেরা শালকেকে ৩-০ গোলে হারিয়েছে রেয়াল। আগামী রোববার লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন মৌসুম শুরু করবে ইউরোপের সফলতম দলটি। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মরিনিয়ো বললেন, আসন্ন চ্যালেঞ্জের জন্য তার দল তৈরি।
“আমরা সবাই রোমাঞ্চিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, খেলোয়াড়রা রোমাঞ্চিত। যদি ভক্তরা রোমাঞ্চিত হতো, আমি রোমাঞ্চিত হতাম এবং যদি প্রেসিডেন্ট রোমাঞ্চিত হতো, কিন্তু তারা (খেলোয়াড়রা) না হতো, তাহলে আমাদের সমস্যা হতো।
“ওরা দেখিয়েছে যে, ওরা রোমাঞ্চিত। আপনারা ছোট ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ সব ঘটনায় সেটা দেখতে পাবেন। যেমন, নিজেদের ছুটি কাটিয়ে যখন ফেরার কথা ছিল, কেউ কেউ এর আগেই ফিরেছে। যেসব খেলোয়াড় শেষ দিন এসেছে, তারা ব্যক্তিগতভাবে খুব ভালোভাবে প্রস্তুত হয়েই এসেছে। আমরা একটা দল হিসেবে খেলেছি, এখানে ভালো বোঝাপড়া ছিল, দলীয় প্রচেষ্টা ছিল। দলকে এখন সত্যিকার অর্থেই দলের মতো দেখাতে শুরু করেছে।”
এবার মোট ছয়টি প্রস্তুতি ম্যাচ খেলেছে রেয়াল, এর পাঁচটিতেই জিতেছে তারা। ড্র করেছে কেবল ফিওরেন্তিনার বিপক্ষে। এবার তাদের আসল পরীক্ষা শুরু।
