Published : 17 Sep 2026, 04:55 PM
প্রিয় দলের অধারাবাহিক পারফরম্যান্সে অসন্তুষ্ট ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকরা সবশেষ ম্যাচে আরও খারাপ কিছুর সাক্ষী হয়েছে। ওল্ড ট্র্যাফোর্ডে গত অর্ধ-সেঞ্চুরিতে যে দৃশ্য দেখা যায়নি, তেমন তেতো স্বাদই পেয়েছে তারা; ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হেরে গিয়ে লিগ কাপ থেকে বিদায় নিয়েছে তারা।
ঘরের মাঠে বুধবার প্রথম ১০ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় ইউনাইটেড। অষ্টম মিনিটে তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার শেই লেসির লক্ষ্যভেদের দুই মিনিট পর, ব্যবধান দ্বিগুণ করেন ম্যাসন মাউন্ট। এমন শক্ত অবস্থানে থেকেও পরে পুরোপুরি পথ হারিয়ে ফেলে মাইকেল ক্যারিকের দল।
প্রথমার্ধেই যোগ করা সময়ে ব্যবধান কমান কস্তুলাস। ৬৫তম মিনিটে সমতা টানেন পাসকেল গ্রস। এর পাঁচ মিনিট পরই, স্বাগতিকদের হতবাক করে দিয়ে মাক্সিম ডি কাইপারের গোলে এগিয়ে যায় ব্রাইটন।
এমন হতাশাজনক ফলের পর পুরো দায় নিয়েছেন কোচ ক্যারিক, যার হাত ধরে গত মৌসুমে ঘুরে দাঁড়ানোর বার্তা দেয় ইউনাইটেড।
“আমরা দল হিসেবে এটা মেনে নিতে পারি না। এর দায় নিচ্ছি আমি। দ্বিতীয়ার্ধের শেষ দিকের অমন পারফরম্যান্সের দায়ভার আমার।”
ঘরের মাঠে দুই গোলে এগিয়ে যাওয়ার পরও, ইউনাইটেড সবশেষ ম্যাচ হেরেছিল সেই ১৯৭৬ সালে, টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে একই স্কোরলাইনে।
ঘরোয়া কাপ প্রতিযোগিতায় এই নিয়ে টানা তিন ম্যাচ হারল ইউনাইটেড। গত মৌসুমে লিগ কাপের দ্বিতীয় রাউন্ডে গ্রিমসবি টাউনের বিপক্ষে ২-১ গোলে হারের পর, জানুয়ারিতে এফএ কাপের তৃতীয় রাউন্ডে ঘরের মাঠে এই ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় তারা।
১৯৮১-৮২ মৌসুমের পর, গত মৌসুমে প্রথমবারের মতো ঘরোয়া দুই কাপ প্রতিযোগিতায় কোনো ম্যাচই জিততে পারেনি ইউনাইটেড।
এবারও লিগ কাপের শুরুতে হেরে বসল সোনালী সময় অনেক পেছনে ফেলে আসা দলটি।
গত সপ্তাহান্তে আর্লিং হলান্ডের বিতর্কিত গোলে ম্যানচেস্টার ডার্বি হারের ধাক্কা সামলে নেওয়ার আগেই আরও বড় হতাশা যোগ হলো ইউনাইটেড শিবিরে। লিগে চার ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে তারা।