সোনাজয়ী শুটার সাদিয়া মারা গেছেন
দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন সাদিয়া সুলতানা।
২০১০ সালের এসএ গেমসে সোনা জয়ী শুটার সাদিয়া সুলতানা আর নেই। চট্টগ্রামের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন সাদিয়া। সোমবার বাড়ির ছাদ থেকে লাফ দেন তিনি। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করানো হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সাদিয়ার মৃত্যুর খবরটি শুনেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানিয়েছেন শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক মুশতাক।
"আমরাও শুনেছি চট্টগ্রামে আত্মহত্যা করেছে। ও চট্টগ্রামেই থাকত। বেশ কিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিল। আমরা ফেডারেশনের পক্ষ থেকে আর্থিকভাবে ও মানসিকভাবে সাহায্য করেছি। কিন্তু শেষ পর্যন্ত এমন একটি দুঃসংবাদ আমাদের শুনতে হলো।"
২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতেন সাদিয়া। একই বছর দিল্লিতে কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে দলগত ইভেন্টে শারমিন আক্তার রত্নার সঙ্গে জুটি গড়েও সোনা জেতেন তিনি।
সবশেষ ২০১৩ সালে ১০ মিটার এয়ার রাইফেল থেকে সাফল্য পান বাংলাদেশ গেমসে। এরপর থেকে শুটিংয়ের বাইরে ছিলেন তিনি। মাঝে ২০১৭ সালে আগুনে পুড়ে অসুস্থ ছিলেন দীর্ঘদিন।
