আক্রমণের ঝড় তুলেও ইউনাইটেডকে হারাতে পারল না লিভারপুল
ঘরের মাঠে পয়েন্ট হারিয়ে লিগ টেবিলে শীর্ষে ফেরা হলো না ইয়ুর্গেন ক্লপের দলের।
ম্যাচের প্রথম মিনিট থেকে শেষ পর্যন্ত আক্রমণ করে গেল লিভারপুল। প্রতিপক্ষের জমাট রক্ষণ ভেঙে দারুণ কিছু সুযোগও তৈরি করল তারা, কিন্তু পেল না জালের দেখা। প্রবল চাপ সামলে স্বস্তির ড্রয়ে মাঠ ছাড়ল ম্যানচেস্টার ইউনাইটেড।
অ্যানফিল্ডে রোববার প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
গত ২১ জানুয়ারির পর এই প্রথম ঘরের মাঠে কোনো লিগ ম্যাচে গোল করতে ব্যর্থ হলো ইয়ুর্গেন ক্লপের দল। লিগ টেবিলে শীর্ষেও ফেরা হলো না তাদের।
এই ম্যাচের আগে ব্রাইটনকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে ওঠে আর্সেনাল। আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডের মাঠে ২-১ ব্যবধানে জেতে আসরের চমক অ্যাস্টন ভিলা।
১৭ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট আর্সেনালের। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লিভারপুল। তাদের সমান পয়েন্ট নিয়ে তিন নম্বরে অ্যাস্টন ভিলা।
প্রিমিয়ার লিগে এখানে এর আগের দুই সফরে ভরাডুবি হয়েছিল ইউনাইটেডের; ২০২১-২২ আসরে ৪-০ এবং গত মৌসুমে ৭-০ গোলে হেরেছিল তারা। লিগে অ্যানফিল্ডে তাদের জয়হীন সফর বেড়ে দাঁড়াল আট ম্যাচে।
১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা।
শুরু থেকেই ঘর সামলাতে ব্যস্ত থাকতে হয় ইউনাইটেডকে। প্রথম দুই মিনিটে দুটি সেটপিস আদায় করে নেয় লিভারপুল। দুই মিনিট পর তাদের আরেকটি আক্রমণ ফের কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেয় ইউনাইটেড।
নিশ্চিত সুযোগ যদিও তৈরি করতে পারছিল না কেউ। ষোড়শ মিনিটে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ক্রস ছয় গজ বক্সের মুখে পেয়ে গোলের উদ্দেশ্যে হেড করতে পারতেন দারউইন নুনেস, কিন্তু তিনি খুঁজে নেওয়ার চেষ্টা করেন সতীর্থদের। সেখানে মোহামেদ সালাহর টোকায় বল প্রতিপক্ষের গায়ে লেগে যায় বাইরে।
২৮তম মিনিটে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের কর্নারে জোরাল হেড করেন ভার্জিল ফন ডাউক, কোনোমতে বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান গোলরক্ষক আন্দ্রে ওনানা।
চাপ সামলে ৬৬তম মিনিটে প্রতি-আক্রমণ শাণায় ইউনাইটেড। ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়েছিলেন গাসমুস হয়লুন; কিন্তু আলিসন বরাবর শট নিয়ে হতাশ করেন তরুণ ডেনিশ স্ট্রাইকার।
তিন মিনিট পর পাল্টা আক্রমণে এগিয়ে যেতে পারতো লিভারপুল। কিন্তু সালাহর জোরাল কোনাকুনি শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান ওনানা।
নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে ইউনাইটেডের ডি-বক্সে তাদের ডিফেন্ডার লু শয়ের হাতে বল লাগলে পেনাল্টির জোরাল আবেদন করে লিভারপুল, কিন্তু রেফারির সাড়া মেলেনি। পরের মিনিটে ফের ভীতি ছড়ায় তারা; এই দফায় পাশের জাল কাঁপান জো গোমেস।
ছয় মিনিট যোগ করা সময়ের শেষ দিকে কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ইউনাইটেডের দিয়োগো দালোত। নিজেদের সীমানায় থ্রো-ইনের সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ার প্রতিবাদ করে প্রথম কার্ড দেখেন তিনি। আর তাতে মেজাজ হারিয়ে বহিষ্কার হন পর্তুগিজ ডিফেন্ডার।
ম্যাচে লিভারপুলের আধিপত্যের পরিষ্কার চিত্র পরিসংখ্যানেও ফুটে ওঠে। দুই-তৃতীয়াংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ৩৪টি শট নেয় তারা, অবশ্য কেবল আটটিই লক্ষ্যে ছিল। লিভারপুল ১২টি কর্নারও আদায় করে নেয়। বিপরীতে, ইউনাইটেডের ৬ শটের মাত্র একটি ছিল লক্ষ্যে। একটিও কর্নার পায়নি তারা।
শেষ সময়ে ইউনাইটেড ১০ জনের দলে পরিণত হওয়ার কোনো প্রভাব অবশ্য ম্যাচের ফলে পড়েনি। তবে রেফারির বিতর্কিত সিদ্ধান্তটি আলোচনার জন্ম দিয়েছে।
