‘গোলরক্ষককে ব্যালন দ’র জিততে কী করতে হবে, আমার জানা নেই’
কোনো গোলরক্ষক আর কখনও বর্ষসেরা ফুটবলারের মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিততে পারবেন কি না, তা নিয়ে সন্দিহান তিবো কোর্তোয়া।
একজন গোলরক্ষকের ব্যালন দ’র জিততে না পারার হাহাকার দীর্ঘদিনের। রেয়াল মাদ্রিদ গোলরক্ষক তিবো কোর্তোয়ার মতে, এই পজিশনের কোনো ফুটবলারের পুনরায় বর্ষসেরার পুরস্কারটি জেতা খুব কঠিন হবে। এ নিয়ে কিছুটা আক্ষেপও ঝরল তার কণ্ঠে।
ব্যালন দ’রের ৭০ বছরের ইতিহাসে স্রেফ একজন গোলরক্ষক জিততে পেরেছেন এই পুরস্কার। ১৯৬৩ সালে ভোটের তালিকায় শীর্ষে ছিলেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের গোলরক্ষক লেভ ইয়াশিন, যার নামে এখন দেওয়া হয় বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার।
বেলজিয়ান তারকা কোর্তোয়া তার প্রজন্মের সেরা গোলরক্ষকদের একজন হওয়া সত্ত্বেও, ব্যক্তিগত এই ট্রফি জয়ের খুব কাছাকাছিও পৌঁছাতে পারেননি।
আর কোনো গোলরক্ষকের ব্যালন দ’র জিততে না পারা নিয়ে সোমবারের সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় কোর্তোয়াকে। বেশ হতাশার সুরেই উত্তর দেন তিনি।
“এমন কিছু গোলরক্ষক আছেন, যারা খেলার ধরন বদলে দিয়েছেন, এমনকি যেভাবে তারা প্রতিপক্ষকে চাপে ফেলেছেন (তা উল্লেখযোগ্য)। ২০১৪ সালে মানুয়েল নয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, শেষ পর্যন্ত তৃতীয় হয়েছিলেন। ২০২২ সালে আমি আশা করেছিলাম, আমার অবস্থান আরও ওপরে থাকবে। সেবার কারিমের (বেনজেমা) এটি প্রাপ্য ছিল, তবে আমার অবস্থান আরও ভালো হওয়া উচিত ছিল।
২০২২ সালে সেরা গোলরক্ষক হিসেবে ‘ইয়াশিন ট্রফি’ জেতেন কোর্তোয়া। তবে সেবার ব্যালন দ’রের তালিকায় সপ্তম হওয়াই তার সেরা অবস্থান।
লেভ ইয়াশিনের পর কেবল পাঁচ জন গোলরক্ষক ব্যালন দ’রের ভোটের তালিকায় শীর্ষ তিনে জায়গা করে নিতে পেরেছেন। সবশেষ ২০১৪ সালে জার্মান গোলরক্ষক নয়ার এই তালিকায় ছিলেন।
উল্লেখ্য যে, ব্যালন দ’র বিজয়ী নির্ধারিত হয় সাংবাদিকদের ভোটে।
কোর্তোয়া বলেন, অনেক ক্লাবেই গোলরক্ষকরা সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের তালিকায় থাকেন, আর এটাই প্রমাণ করে যে ফুটবলে এই পজিশনটির যথেষ্ট গুরুত্ব রয়েছে।
“সাংবাদিকদের বলতে শোনা যায় যে, গোলরক্ষকদের জন্য তো ‘ইয়াশিন ট্রফি’ আছেই। আমি বুঝি, বিষয়টি কঠিন; আমরা হয়তো দারুণ পারফর্ম করতে পারি, কিন্তু শেষ মুহূর্তে এমবাপে গোল করে বসতে পারে, আর মানুষ সেটাই মনে রাখবে। বিষয়টি জটিল, তবে একটি দল গড়ার শুরুটাই হয় একজন ভালো গোলরক্ষক দিয়ে। দলের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের তালিকায় গোলরক্ষকরা থাকেন।”
“হয়তো এখন আমাকে নিয়ে কথা বলছেন, কিন্তু ভোট দেওয়ার সময় হয়তো আমার আগে অন্য ১০ জনকে বেছে নেবেন। একজন গোলরক্ষকের পক্ষে এটি জেতা সম্ভব, তবে একজন গোলরক্ষককে এটি জেতার জন্য ঠিক কী করতে হবে, তা আমার জানা নেই। ভিনি, জুড, কিলিয়ান, আর্দা, ডিওমান্ডের মতো খেলোয়াড়রা যে দলে আছে, সেখানে তারা (সাংবাদিকরা) আমাকে কিভাবে ভোট দেবে? কিছু গোলরক্ষকের ব্যালন দ’রের র্যাঙ্কিংয়ে আরও ওপরে থাকা উচিত।”
২০০৬ সালে ইতালিয়ান ডিফেন্ডার ফাবিও কান্নাভারো এই পুরস্কার জেতার পর থেকে, পুরুষ বিভাগে দেওয়া ১৯টি ব্যালন দ’রের মধ্যে ১৭টিই জিতেছেন আক্রমণভাগের খেলোয়াড়রা।
