০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ব্যালন দ’রের সাবেক প্রধানের কথায় এমবাপের ‘সম্ভাবনা কম’

কোনো শিরোপা না জিতেও কারো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের কথা যেন ভাবতেই পারছেন না ফ্রান্স ফুটবলের সাবেক এই কর্তা।

ব্যালন দ’রের সাবেক প্রধানের কথায় এমবাপের ‘সম্ভাবনা কম’

কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 06:51 PM

Updated : 07 Oct 2026, 06:51 PM

বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন দ’রের সম্ভাব্য বিজয়ীদের নিয়ে এবার যত আলোচনা হচ্ছে, পক্ষে-বিপক্ষে যত কথা হচ্ছে, এমনটা গত কয়েক বছরে কমই দেখা গেছে। অনেকের মতে, এবার সম্ভাবনা সবচেয়ে বেশি হ্যারি কেইন ও লামিন ইয়ামালের। বিশ্বকাপে গোলের নতুন রেকর্ড গড়া কিলিয়ান এমবাপেও খুব আশায় আছেন।

তবে গত মৌসুমে কোনো শিরোপা জিততে না পারায় এই ফরাসি তারকার তেমন সম্ভাবনা দেখছেন না দীর্ঘ সময় পুরস্কারটি সকল আয়োজনের মূল দায়িত্বে থাকা পাসকেল ফেরে।

এই পুরস্কার দিয়ে থাকে ফরাসি ম্যাগাজিন ফ্রান্স ফুটবল। পত্রিকাটির সাবেক পরিচালক পাসকেল ১৯৯৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়কালে ব্যালন দ’রের প্রধান ছিলেন।

নিজের বইয়ের (দা হিডেন ফেইস অব দা ব্যালন দ’র) মোড়ক উন্মোচনের পর, মার্কাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন পাসকেল। তার কথায় উঠে এসেছে কয়েকজন ব্যালন দ’র জয়ীর ছোট ছোট মুহূর্তের গল্প।

২০১৮ সালের বিজয়ী লুক মদ্রিচ যেমন তিনি জিতেছেন শোনার পর ‘আনন্দে কেঁদে ফেলেন।’ আবার রেয়াল মাদ্রিদের আরেক সাবেক ফুটবলার কারিম বেনজেমা ছিলেন একেবারে নির্লিপ্ত: ২০২২ সালের পুরস্কারটি তিনি জিতেছেন, ফোনে এটা জানার পর চুপ ছিলেন ফরাসি তারকা। পরে অবশ্য কারণটা জানা যায়, তিনি তখন কোনো উচ্ছ্বাস প্রকাশ করেননি, কারণ সতীর্থদের মাঝে ছিলেন আর তথ্যটা গোপন রাখতে হতো।

এসব নানা গল্পের মাঝে পাসকেলের কাছে জানতে চাওয়া হয় এবারের ব্যালন দ’রের লড়াই নিয়ে। এত এত যে আলোচনা হচ্ছে, কার সম্ভাবনা বেশি দেখছেন তিনি। সরাসরি অবশ্য কোনো মন্তব্য করেননি পাসকেল।

“আমার মতে, লামিন ইয়ামালের চেয়ে কিলিয়ান এমবাপের প্রচারণা ভালো হয়েছে, তবে ব্যালন দ’র এমন কিছু নয় যে আপনি চাইতে পারেন, এটা অর্জন করতে হয়।

“এসব ফলাফলকে কোনোরকম প্রভাবিত করে না। বিচারকরা স্বাধীন, অভিজ্ঞ ও সৎ। আমার মনে হয় না, কিলিয়ানের প্রচারণা খুব একটা প্রভাব ফেলবে।”

এই ফরাসি তারকার সামর্থ্যের উচ্ছ্বসিত প্রশংসা করেন পাসকেল। তবে এবারের লড়াইয়ে এমবাপের তেমন একটা সম্ভাবনা দেখছেন না তিনি।

“সে দুর্দান্ত এক খেলোয়াড়, কিন্তু আমি তাকে ভোট দিতাম না। কোনো শিরোপা না জিতেই মনোনয়ন পাওয়া কয়েকজনের মধ্যে একজন সে।

“কোনোকিছু না জিতেই কারো বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার ব্যাপারটা আমার কাছে অদ্ভূত লাগে। ফুটবল এখনও একটা দলগত খেলা।”

২৭ বছর বয়সী এমবাপে গত মৌসুমে রেয়াল মাদ্রিদের হয়ে ৪৪ ম্যাচে গোল করেন ৪২টি, কিন্তু দল কোনো শিরোপা জিততে পারেনি।

এরপর, গত বিশ্বকাপে এমবাপে ১০ গোল করে জেতেন গোল্ডেন বুট, ক্যারিয়ারের তিনটি বিশ্বকাপ মিলিয়ে ২২ গোল করে এই প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতাও এখন তিনি। যদিও তার দল ফ্রান্স চতুর্থ হয়ে শেষ করে আসর।

শিরোপাশূন্য বছর কাটলেও, এবারই নিজের ব্যালন দ’র জয়ের সবচেয়ে বেশি দেখছেন এমবাপে। কারণ হিসেবে তিনি যুক্তি দেখিয়েছেন, ব্যক্তিগত পুরস্কারের লড়াইয়ে দলীয় সাফল্যের প্রভাব থাকা উচিত নয়।