চেলসির বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের তৃপ্তি ভিনিসিউসের
প্রথম লেগে জয় মিললেও কাজ শেষ বলে মনে করছেন না রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
আক্রমণাত্মক ফুটবলে যেভাবে চেলসির ওপর দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ, তা প্রশংসার দাবি রাখে। দলটির ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র নিজের ও দলের পারফরম্যান্সে খুব খুশি। তৃপ্তির ঢেকুর তুলে ব্রাজিলিয়ান তারকা বললেন, এই ম্যাচের পারফরম্যান্স ছিল মৌসুমে তাদের সেরাগুলোর একটি।
চলতি মৌসুমে দুই দলের যে ফর্ম, তাতে লড়াইয়ের আগে ফেভারিট ধরা হচ্ছিল রিয়ালকেই। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের প্রথম লেগে মাঠেও দেখা গেল তার প্রতিফলন। দাপুটে ফুটবলে ২-০ গোলে জেতে শিরোপাধারীরা।
সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রথমার্ধে করিম বেনজেমা রিয়ালকে এগিয়ে নেন। আর ৭১তম মিনিটে বদলি নামার তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও।
ম্যাচের অধিকাংশ সময় বল পায়ে রেখে টানা আক্রমণ করে রিয়াল। তাদের গোলের ভালো কিছু সুযোগ নষ্ট না হলে ব্যবধান আর বড় হতে পারত।
গত মৌসুমে এই চেলসিকেই কোয়ার্টার-ফাইনালে হারিয়েছিল রিয়াল। সেবারও প্রথম লেগে দুর্দান্ত খেলেছিল তারা। এবার প্রথম দেখায় আশানুরূপ খেলতে পেরে উচ্ছ্বসিত ভিনিসিউস।
জয়ের আনন্দ থাকলেও ম্যাচের পর উয়েফা ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে ভিনিসিউস বলেন, সেমি-ফাইনালের টিকেট নিশ্চিত করতে ফিরতি লেগেও পূর্ণ মনোযোগ ধরে রাখতে হবে তাদের।
“আমরা আসলেই খুব ভালো খেলেছি। গত মৌসুমের এই পর্যায়ের মতো আমরা সব সময় তাদেরকে চাপে রেখেছিলাম। এটি আমাদের মৌসুমের সেরা পারফরম্যান্সের একটি।”
“তবে এখন কেবল বিরতি (দুই লেগের লড়াইয়ে)। এই লড়াইয়ে এখনও অনেক কিছু বাকি আছে। আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে।”
গত মৌসুমে প্রথম লেগে ৩-১ গোলে জয়ের পর ফিরতি লেগে এক পর্যায়ে ৩-০ গোলে পিছিয়ে পড়েছিল রিয়াল। ঘরের মাঠে ওই ম্যাচে শেষ পর্যন্ত ৩-২ গোলে হারলেও ৫-৪ অগ্রগামিতায় পরের ধাপে পা রাখে কার্লো আনচেলত্তির দল।
এবার তাদের লড়াইয়ের দ্বিতীয় লেগ হবে আগামী মঙ্গলবার, স্ট্যামফোর্ড ব্রিজে।
অতীত অভিজ্ঞতার কারণে ফিরতি লেগের আগে দলকে সতর্ক করলেন ভিনিসিউস।
“আমরা জানি, চেলসির বিপক্ষে তাদের মাঠে খেলা কঠিন হতে পারে। এখন আমরা একটু বিশ্রাম নেব এবং চিন্তা-ভাবনা পরিষ্কার রাখব।”
