পেলের সাংবাদিকতা অধ্যায়
১৯৭০ বিশ্বকাপে পাঁচটি নিবন্ধ লেখেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।
কেমন হতো যদি কাতার বিশ্বকাপে নিজ নিজ দলের খেলা কোনো গণমাধ্যমে বিশ্লেষণ করতেন লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, নেইমার কিংবা কিলিয়ান এমবাপে? সবাই নিশ্চয়ই তুমুল আগ্রহ নিয়ে পড়তেন সেগুলো। কেবল কল্পনাই করা যায় এমন কাজ বাস্তবে করে দেখিয়েছিল স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই, সেই ১৯৭০ বিশ্বকাপে তারা পাঁচটি নিবন্ধ লিখিয়েছিল ব্রাজিলিয়ান মহাতারকা পেলেকে দিয়ে!
দীর্ঘ দিন কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার অন্যলোকে পাড়ি জমান পেলে। কিংবদন্তির মৃত্যুতে পুরো পৃথিবী যখন শোকাহত তখন তার জীবনের সেই সাংবাদিকতা অধ্যায় সামনে এনেছে ইএফই। স্পেনের এই বার্তা সংস্থা জানিয়েছে, কীভাবে সম্ভব হয়েছিল পেলেকে দিয়ে লেখানো।
একমাত্র ফুটবলার হিসেবে জিতেছেন তিনটি বিশ্বকাপ। ক্যারিয়ারে করেছেন এক হাজারের বেশি গোল। অনেকের কাছে তিনি ফুটবলেরই প্রতিশব্দ, সর্বকালের সেরা। কারো কারো কাছে সর্বকালের সেরা অ্যাথলেটও তিনি।
অভিনয় করেছেন, গান গেয়েছেন, লিখেছেনও। এগুলো নিয়েও মাঝে মাঝে চর্চা হয়। তার সংক্ষিপ্ত সময়ের সেই সাংবাদিকতা অধ্যায় আড়ালেই থেকে যায়।
ইএফই’র আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী ২৯ বছর বয়সে এই বার্তা সংস্থার হয়ে কিছু দিন কাজ করেন পেলে। সেটা ১৯৭০ সালে মেক্সিকো বিশ্বকাপ চলাকালে। যদিও খুব ছোট্ট ছিল সেই অধ্যায়, তবুও স্প্যানিশ ভাষার বার্তা সংস্থাটিতে বড় ছাপ রেখে যান ফুটবল জাদুকর।
১৯৬৮ সালে রিও দে জেনেইরোতে প্রথম অফিস নেয় ইএফই। সেটার প্রধান ছিলেন ইলেউতেরিও রোমেরো। এক বছর পর প্রতিষ্ঠানটির পরিচালক কার্লোস মেন্দো পরামর্শ দেন, রোমেরোর উচিত পেলেকে কোনোভাবে সম্পৃক্ত করা।
সেটা মনে ধরে যায় রোমেরোর। তিনি পেলের হোটেলে যান, সাক্ষাৎকারের জন্য। সেখানে কি ঘটেছিল জানান রোমেরো।
“তিনি বলেছিলেন, এক হাজার ডলার করে লাগবে। আমি বলেছিলাম, এই মানের একজন খেলোয়াড় কেবল বলে কীভাবে কিক মারতে হবে সেটা জানে না, কীভাবে চিন্তা করতে হবে সেটাও জানে। আমি তাকে মেক্সিকো বিশ্বকাপে ইএফইর জন্য পাঁচটি নিবন্ধ লেখার প্রস্তাব দিই।”
ব্রাজিলিয়ান মহাতারকা এই প্রস্তাবে রাজি হন দুটি শর্তে। প্রথমত প্রতিটি লেখার জন্য এক হাজার ডলার দিতে হবে এবং এটার আয়করও দিতে হবে। রোমেরোর মনে হয়েছিল, এটা খুব খরুচে হয়ে যাচ্ছে তাই তিনি শুরুতে মানাই করে দেন। তবে হাল ছাড়েননি।
কদিন পর নতুন আলোচনার জন্য ক্লাব অফিসের সামনে পেলের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন রোমেরো। সে সময় পেলে ছিলেন ভীষণ ব্যস্ত, তাকে যে দিতে হবে গণিতের পরীক্ষা! তিনি রোমেরোকে জিজ্ঞেস করেন, গণিতের ব্যাপারে তিনি কিছু জানেন কী না এবং সাহায্য করতে পারবেন কী না।
রোমেরো জানান, সে সময়ে তিনি কিছু ধারণা পেলেকে দিয়েছিলেন। তিন ঘণ্টা পর ফিরে ব্রাজিলিয়ান মহাতারকা জানান, তিনি উৎরে গেছেন! এই পরীক্ষা পাসের পর আবার রোমেরোর সঙ্গে আলাপ করেন পেলে। শেষে লেখা প্রতি এক হাজার ডলারে রফা হয়।
আসরে দলগুলোর বিশ্লেষণ নিয়ে পাঁচটি নিবন্ধ লেখেন পেলে। রোমেরো জানান, ইএফই সেগুলো বিক্রি করে ৪০টি গণমাধ্যমে।
“বার্তা সংস্থাটি দিয়েছিল ৫ হাজার ডলার, আয় করেছিল ৩৫ হাজার ডলার। সেটা ছিল খুবই সফল।”
