২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

অক্ষিকোটরে আঘাত পেয়ে মাঠের বাইরে বায়ার্নের পাভলোভিচ

নতুন মৌসুম শুরুর আগে চোটাক্রান্ত খেলোয়াড়ের তালিকা লম্বা হওয়ায় দলটির দুশ্চিন্তা বাড়ল আরও।

অক্ষিকোটরে আঘাত পেয়ে মাঠের বাইরে বায়ার্নের পাভলোভিচ
আলেকসান্দার পাভলোভিচ। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2025, 03:47 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

বায়ার্ন মিউনিখের চোটাক্রান্ত খেলোয়াড়দের তালিকাটা আরেকটু লম্বা হলো। সবশেষ বাঁ অক্ষিকোটরের চোটে ছিটকে গেছেন আলেকসান্দার পাভলোভিচ।

দলের অনুশীলনের সময় এই মিডফিল্ডার আঘাত পান এবং এতে তার অক্ষিকোটরের হাড়ে চিড় ধরা পড়ে। জার্মান জাতীয় দলের ২১ বছর বয়সী এই ফুটবলারের সফল অস্ত্রোপচারের খবর শনিবার জানিয়েছে বায়ার্ন।

তবে গত মৌসুমে ক্লাবের হয়ে ৩৩টি ম্যাচ খেলা পাভলোভিচ কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে ক্লাবের বিবৃতিতে কিছু জানানো হয়নি।

চোট পেয়ে আগে থেকে মাঠের বাইরে প্লেমেকার জামাল মুসিয়ালা ও আলফুঁস ডেভিস। নতুন মৌসুম শুরুর সপ্তাহ দুয়েক আগে পাভলোভিচের চোট দলটির দুশ্চিন্তা বাড়াল আরও।

আগামী ১৬ অগাস্ট জার্মান সুপার কাপের ফাইনালে স্টুটগার্টের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। এর ছয় দিন পর তারা লাইপজিগের বিপক্ষে ম্যাচ দিয়ে বুন্ডেসলিগায় শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে।