২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ থেকে বিদায়ের পর টানা ৫ দিন কেঁদেছিলেন নেইমার

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ভাবনাও পেয়ে বসেছিল ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ডকে।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর টানা ৫ দিন কেঁদেছিলেন নেইমার

বিশ্বকাপ পথচলা শেষ হওয়ার পর চোখের জল আটকে রাখতে পারলেন না নেইমার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2023, 08:58 PM

Updated : 20 Jul 2023, 08:58 PM

ক্যারিয়ারে কত ম্যাচেই তো হারের তেতো স্বাদ পেয়েছেন নেইমার। কিন্তু কাতার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হার তার জন্য ছিল অনেক বেশি যন্ত্রণাদায়ক। ওই পরাজয়ের পর ভীষণ ভেঙে পড়েছিলেন তিনি। টানা পাঁচ দিন কান্নাই থামাতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। 

‘হেক্সা’ (ষষ্ঠ শিরোপা) জেতার স্বপ্ন নিয়ে কাতারে যাওয়া ব্রাজিলের বৈশ্বিক আসরে পথচলার ইতি ঘটে শেষ আটে। ক্রোয়াটদের সঙ্গে রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা লড়াইয়ে পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে হেরে ভাঙে তাদের স্বপ্ন। 

একটা সময় অবশ্য জয়ের সম্ভাবনা উজ্জ্বল ছিল ব্রাজিলের। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর অতিরিক্ত সময়ে চমৎকার এক গোলে দলকে এগিয়ে নেন নেইমার। কিন্তু শেষ দিকে ক্রোয়েশিয়া সমতা টানলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ।

হতাশাজনক ওই হারের পর এখনও পর্যন্ত ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামেননি ৩১ বছর বয়সী নেইমার। 

ইউটিউব চ্যানেল ‘কি পাপিনিয়ো’-তে দেওয়া সাক্ষাৎকারে নেইমার তুলে ধরেন বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর তার সেই কঠিন সময়ের কথা।

“আমার মাথায় কী চলছিল, বলে বুঝাতে পারব না। নিশ্চিতভাবে ওটা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে কষ্টদায়ক হার। আমি টানা পাঁচ দিন কেঁদেছিলাম। এটা আমাকে ব্যথিত করেছিল এই কারণে যে, আমার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গিয়েছিল।” 

“আমি গোল করব, তারা সমতা ফেরাবে এবং আমরা টাইব্রেকারে হারব, এর চেয়ে আমি গোল না করাই পছন্দ করতাম, ০-০ স্কোরলাইন থেকে টাইব্রেকারে হারতাম। এটা এমন এক কষ্ট যা কেবল খেলোয়াড় ও স্টাফরা বুঝতে পারেন।” 

ক্রোয়াটদের বিপক্ষে হারের পর ব্রাজিল দলের সবাইকে চেপে ধরেছিল হতাশা। সে সময় কেঁদেছিলেন দলের প্রায় সবাই। নেইমার বললেন, ওই মুহূর্তের সাক্ষী আর কখনও হতে চান না তিনি। 

“আমার জীবনের সবচেয়ে বাজে মুহূর্ত ছিল সেটা। মনে হচ্ছিল অন্ত্যেষ্টিক্রিয়া, আপনার একপাশে কেউ একজন কাঁদছে, অন্য পাশে আরেকজন। যা ছিল ভয়ঙ্কর, ওই অভিজ্ঞতার মধ্য দিয়ে আর যেতে চাই না।” 

এখন পর্যন্ত তিনটি বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন নেইমার-২০১৪, ২০১৮ ও ২০২২। ঘরের মাঠে ২০১৪ সালের আসরে কোয়ার্টার-ফাইনালে চোট পেয়ে পরের ম্যাচে খেলতে পারেননি তিনি। সেমি-ফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করা জার্মানি পরে হয় চ্যাম্পিয়ন। 

চার বছর পর রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলে হারে ব্রাজিল। গত বছর আবারও শেষ আট থেকে বিদায় নিতে হয়ে তাদের। 

গত আসরে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর আন্তর্জাতিক ফুটবল ছেড়ে দেওয়ার ভাবনাও এসেছিল নেইমারের মাথায়। যদিও পরে সেখান থেকে সরে আসেন তিনি। আগামী ২০২৬ বিশ্বকাপে আবারও দেশের প্রতিনিধিত্ব করতে চান পিএসজির এই তারকা। 

“বিশ্বকাপের পর সত্যি বলতে আর চাইনি (ব্রাজিল জাতীয় দলে ফিরতে)। কিন্তু আমার মন পরিবর্তন করেছি। কারণ আমি খুবই ক্ষুধার্ত (বিশ্বকাপের জন্য), তাই না? আমি ভাবনায় বদল এনেছি।” 

“বিশ্বকাপের পর আবার হারের যন্ত্রণার মধ্য দিয়ে যেতে চাইনি। আমার পরিবারকে অনেক ভুগতে দেখেছি, যা আমাকে উদ্বিগ্ন করে তোলে। তবে তাদেরকে আবারও এটা সহ্য করতে হবে। এবার ভালো কিছু হবে। হতেই হবে।”