২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গিনদোয়ান-মার্তিনেসদের নিবন্ধনের পথ খুলল

নতুন করে সম্পদ বিক্রি থেকে ১২ কোটি ইউরো পাচ্ছে কাতালান ক্লাবটি।

গিনদোয়ান-মার্তিনেসদের নিবন্ধনের পথ খুলল

গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দেন জার্মান মিডফিল্ডার ইলকাই গিনদোয়ান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2023, 09:48 PM

Updated : 11 Aug 2023, 10:04 PM

লা লিগায় নিজেদের প্রথম ম্যাচের আগে সকল খেলোয়াড়ের নিবন্ধন সম্পন্ন করার পথে বড় এক ধাপ এগিয়েছে বার্সেলোনা। ক্লাবের কিছু সম্পদ বিক্রি থেকে মোটা অঙ্কের অর্থ পাচ্ছে কাতালান দলটি।  

সূত্রের বরাত দিয়ে ফুটবল ওয়েবসাইট ইএসপিএন-এর শুক্রবারের প্রতিবেদনে বলা হয়, বার্সা ভিশন-এর ২৯.৫ শতাংশ শেয়ার বিক্রি করে দিতে বিনিয়োগ সংস্থা লিবেরো ফুটবল ফাইনান্স এজি ও নিপা ক্যাপিটাল বিভির সঙ্গে চুক্তি করেছে বার্সেলোনা। এখান থেকে তারা পাবে ১২ কোটি ইউরো।  

নতুন একজন রাইট-ব্যাক ও একজন মিডফিল্ডার কেনার ইচ্ছা আছে বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেসের। এই অর্থ কোচের সেই চাওয়া পূরণেও কাজে লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বার্সা ভিশন হলো ক্লাবের সকল ডিজিটাল সামগ্রী রাখার একটি প্ল্যাটফর্ম।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মিডফিল্ডার ফঁক কেসিয়েকে সৌদি আরবের ক্লাব আল আহলির কাছে বিক্রি করা থেকেও ১ কোটি ২৫ লাখ ইউরো পেয়েছে বার্সেলোনা। উসমান দেম্বেলেকে পিএসজির কাছে বিক্রি করা প্রায় নিশ্চিত। এখান থেকে ৫ কোটি ইউরো আসবে বলেও গণমাধ্যমের খবর।

চলতি গ্রীষ্মের দলবদলে বার্সেলোনা দলে টেনেছে ইলকাই গিনদোয়ান, ইনিগো মার্তিনেস, ওরিওল রোমেউ ও ভিতর খককে। এর মধ্যে তরুণ ব্রাজিলিয়ান খক কাম্প নউয়ে যোগ দেবেন আগামী জানুয়ারিতে।

নতুন কেনা খেলোয়াড়দের পাশাপাশি চুক্তি নবায়ন করা রোনাল্দো আরাউহো, মার্কোস আলোনসো, সের্হি রবের্তো, ইনাকি পেনাকে এখনও বার্সেলোনা লা লিগায় নিবন্ধন করাতে পারেনি ফিনান্সিয়াল ফেয়ার প্লে নিয়মের কারণে।

আগামী রোববার লিগে গেতাফের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে বার্সেলোনা। ম্যাচটির জন্য এখন পর্যন্ত ‘অ্যাভেইলেবল’ আছে স্রেফ ১২ জন খেলোয়াড়৷

ফিনান্সিয়াল ফেয়ার প্লে নিয়ে বরাবরই কঠোর অবস্থান লা লিগার। ২০২২-২৩ মৌসুমেও একই পরিস্থিতি ছিল বার্সেলোনার। রবের্ত লেভানদোভস্কি, রাফিনিয়াসহ কয়েকজন খেলোয়াড়কে দলে ভেড়ালেও আটকে ছিল তাদের নিবন্ধন। প্রথম ম্যাচের একেবারে আগ মুহূর্তে তাদের নিবন্ধন করাতে পারে দলটি।এজন্য ‘ইকোনমিক লেভার'’ হিসেবে ক্লাবের বিভিন্ন সম্পদের অংশ বিক্রি করতে হয়েছিল তাদের।