২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণবন্ত প্রস্তুতিতে তারিকের অনুপস্থিতির আঁচড়

মালদ্বীপ ম্যাচে চোট পাওয়া এই ডিফেন্ডারের ভুটানের বিপক্ষে খেলা নিয়ে অনিশ্চয়তার মেঘ কাটেনি এখনও।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

বেঙ্গালুরু  থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2023, 08:15 PM

Updated : 26 Jun 2023, 08:15 PM

মাঠে ঢুকেই রবিউল ইসলামকে ঘিরে জটলা। সতীর্থদের জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন এই মিডফিল্ডার। এক কোণে ছোটখাটো একটা টিম মিটিংও হলো। এরপর প্রস্তুতিতে প্রাণবন্ত দেখা গেল জামাল-জিকোদের।

এই আনন্দ, উদযাপন আসলে শুরু হয়েছে মালদ্বীপকে ৩-১ গোলে উড়িয়ে হোটেলে ফেরার পর। সেখানে কর্তৃপক্ষের দেওয়া কেক খেলোয়াড়রা কাটের হৈ-হুল্লোড় করে। কিন্তু এমন আবহের মধ্যে অস্বস্তির কাঁটা হয়ে বিধঁছে অনুশীলনে কাজী তারিক রায়হানের অনুপস্থিতি।

লেবানন ম্যাচের ভুলের প্রায়শ্চিত্ত তারিক করেন মালদ্বীপের বিপক্ষে গোল করে। কিন্তু পরে বাম পায়ে চোট পেয়ে ছাড়েন মাঠ। হাঁটু ও গোঁড়ালির মাঝামাঝি অংশে চোট পেয়েছেন তারিক। যদিও তিনি চেয়েছিলেন প্রস্তুতিতে সতীর্থদেরদের সঙ্গী হতে, কিন্তু নির্ভরযোগ্য এই ডিফেন্ডারকে নিয়ে ঝুঁকি নিতে চাননি কোচ হাভিয়ের কাবরেরা।

হোটেলেই রিকভারি করছেন তারিক। বরাবরই তিনি মিতভাষী, তাই মালদ্বীপ ম্যাচে গোল পাওয়া নিয়েও দিলেন ছোট্ট উত্তর, “আমি খুশি”। খুশি চেপে রাখার দলে কাবরেরাও! মালদ্বীপের বিপক্ষে জিতে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে ২০০৯ সালের পর আবার সেমি-ফাইনাল খেলার সম্ভাবনা উজ্জ্বল করার হাসি নেই তার চোখে-মুখে।

স্পোর্টস হল ক্লাব মাঠে ঢুকেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন কাবরেরা। ২০ বছর পর সাফে মালদ্বীপকে হারানোর হাসি কেন আপনার মুখে নেই? এ প্রশ্নের উত্তরও এই স্প্যানিশ কোচ দিলেন পেশাদারী সুরে।

“হাসছি না কারণ, কাজ এখনও শেষ হয়নি। সামনে ভুটানের বিপক্ষে ম্যাচ। সেমি-ফাইনালে ওঠা আমাদের প্রথম লক্ষ্য। আগে সেটা পূরণ করি, তারপর হাসব।”

এই চাওয়া পূরণের লক্ষ্য নিয়ে আগামী বুধবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের যে অবস্থা, তাতে পুরোপুরি স্বস্তিতে নেই কেউ!

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে শক্তিশালী লেবানন। ৩ করে পয়েন্ট বাংলাদেশ ও মালদ্বীপের। গোলের খাতা এখনও খুলতে পারেনি ভুটান, তবে অনেক কিন্তু-যদি মিললে সেরা চারে খেলার সুযোগ আছে তাদেরও।

এ দিনের প্রস্তুতি ঢিলেঢালা হলেও ভুটান ম্যাচ থেকে দলের মনোযোগ সরছে না একবিন্দুও। মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিম যেমন জানালেন উদযাপন তুলে রেখেছেন তারা।

“মালদ্বীপ ম্যাচের পর কোচ আমাদের বলেছেন, পরের ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক বছর ধরে সেমি-ফাইনালে যেতে পারছি না। এখনও আমরা বলতে পারব না যে সেমি-ফাইনাল নিশ্চিত। আগে আমাদের জয় নিশ্চিত করতে হবে, এরপর আমরা সেলিব্রেশন করব।”

“সৌদি আরবে গত মার্চে প্রস্তুতি নিতে যাওয়া থেকেই আমরা একটা যথাযথ পরিকল্পনার মধ্য দিয়ে যাচ্ছি। কম্বোডিয়া ম্যাচ বলেন, লেবানন ম্যাচ বলেন... কোচ আমাদের ভিডিও দেখিয়ে দেন, আমরা সেটাই অনুশীলন করি। সেটার ফলই কিন্তু এটা।”

কেবল প্রতিপক্ষের ভিডিও নয়, সোহেল-হৃদয়দের দেখানো হচ্ছে ২০০৩ সালের সাফে সেই সোনালি স্মৃতিও। বর্তমান দলে কাবরেরার সহকারী হিসেবে আছেন হাসান আল মামুন, দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসরে প্রথম এবং সবশেষ শিরোপা জেতা ওই ফাইনালে অধিনায়কের আর্মব্যান্ড ছিল তার বাহুতে। সেই অর্জনে দল উদ্বুদ্ধ হচ্ছে বলেও জানালেন মামুন।

“গতকাল টিম ব্রিফিংয়ের সময় আমরা ছেলেদের ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের ভিডিও ক্লিপ দেখিয়েছি এবং বলেছি, আমাদের প্রজন্মের ছেলেরা সেই ২০০৩ সালে এটা জিতে দেখিয়েছে। তোমরা কেবল তোমাদের সামর্থ্য দেখাও, খেলো, তাহলে তোমরাও এটা অর্জন করতে পারবে। ওরা ভালোভাবে সাড়া দিয়েছে। আমি মনে করি, ছেলেরা প্রস্তুত।”

“ইসা (ফয়সাল) প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলছে। মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন, রফিকুল ইসলাম, মজিবুর রহমান জনি, মোহাম্মদ সোহেল রানাও খেলছে। ওদের প্রোফাইল যদি দেখেন, দেখবেন অভিজ্ঞতার কমতি রয়েছে। এদের নিয়ে মালদ্বীপের বিপক্ষে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানো সহজ ছিল না।”

মালদ্বীপ ম্যাচ যে খেলোয়াড়দের মনোভাব, শরীরী ভাষা বদলে দিয়েছে তা কাছ থেকে দেখছেন টিম ম্যানেজার আমের খান। সবার মধ্যে জয়ের তীব্র তাড়না অনুভব করছেন তিনি।

“ছেলেদের আসলে মোরালটা পাল্টে গেছে; যে আমাদের আর কিছু হারানোর নাই। পিঠ বাঁচাতে হলে খেলতে হবে, জিততে হবে। লেবানন ম্যাচের হার তাদের অনেক আঘাত করেছে। তাদের মনে হয়েছে আমরাও তো লেবাননকে হারাতে পারতাম। সেই উপলব্ধি থেকেই কিন্তু তারা মালদ্বীপের বিপক্ষে শতভাগের জায়গায় ১২০ ভাগ দিয়ে খেলেছে। মালদ্বীপ কিন্তু আমাদের এই আক্রমণাত্মক মনোভাবের কারণে তাদের খেলাটা খেলতে পারেনি।”

“আমার ব্যক্তিগত মত, সাফে খেলতে পারাটাই ছেলেদের আলাদাভাবে অনুপ্রাণিত করে। চারদিক থেকে নেতিবাচক সব খবরও খেলোয়াড়দের নাড়া দেয়। তারা নিজেদের মধ্যেই আলোচনা করছে যে, কেন আমরা পারছি না। আমাদের কিছু করতে হবে।”