১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেফারির ‘অস্বাভাবিক সিদ্ধান্তে’ জয় হাতছাড়া হওয়ায় ক্ষুব্ধ রেয়াল কোচ

জুড বেলিংহ্যামকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্তও কোনোভাবে মেনে নিতে পারছেন না কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2024, 03:30 PM

Updated : 03 Mar 2024, 03:30 PM

ম্যাচের প্রথম ৩০ মিনিটে দুই গোলে পিছিয়ে পড়ার পর ফের ঘুরে দাঁড়িয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল রেয়াল মাদ্রিদ। অন্তিম সময়ে ভালেন্সিয়ার জালে বল পাঠিয়েছিল তারা; কিন্তু রেফারির ‘অপ্রত্যাশিত’ এক সিদ্ধান্তে মেলেনি গোল। ‘নিশ্চিত জয়’ হাতছাড়া হওয়াটা কিছুতেই মানতে পারছেন না রেযাল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

মেস্তায়া স্টেডিয়ামে শনিবার রাতে লা লিগার ম্যাচে তিন মিনিটের ব্যবধানে হুগো দুরো ও রোমান ইয়ারেমচুকের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর, গত মৌসুমে এই মাঠে দর্শকদের বর্ণবাদী মন্তব্যের শিকার হওয়া ভিনিসিউস জুনিয়রের নৈপুণ্যে ঘরে দাঁড়ায় রেয়াল।

বিরতির আগেই একটি গোল শোধ করেন ভিনিসিউস। ৭৬তম মিনিটে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের দ্বিতীয় গোলে স্কোরলাইনে আসে সমতা। যোগ করা সময়ের শেষ দিকে ঘটে বিতর্কিত ঘটনাটি। ব্রাহিম দিয়াসের ক্রসে হেডে বল জালে পাঠান জুড বেলিংহ্যাম; কিন্তু বল হাওয়ায় থাকা অবস্থায় অবিশ্বাস্যভাবে শেষের বাঁশি বাজিয়ে দেন রেফারি হেসুস জিল মানসানো।

ম্যাচের পর আনচেলত্তির সংবাদ সম্মেলনেও খুব স্বাভাবিকভাবে উঠল দিনের সবচেয়ে আলোচিত ঘটনাটি। ৬৪ বছর বয়সী অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ বললেন, তার দীর্ঘ ক্যারিয়ারে এমন ঘটনা দেখেননি আগে।

“বেশি কিছু বলার নেই। অভূতপূর্ব কিছু একটা ঘটল। পজেশন তখন আমাদের দখলে ছিল। বল যখন ভালেন্সিয়ার পায়ে ছিল তখন খেলা শেষ করা উচিত ছিল। পুরোই অস্বাভাবিক একটা ঘটনা। আমার ক্যারিয়ারে এমন ঘটনা আগে ঘটেনি।”

ক্ষোভে ফেটে পড়ে রেয়াল শিবির। তাৎক্ষনিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে লাল কার্ড দেখেন বেলিংহ্যাম। রেফারির রিপোর্টেও তার ‘আক্রমণাত্মক আচরণের’ কথা উল্লেখ করা হয়েছে।

“বেলিংহ্যামের লাল কার্ড নিয়ে আমরা বিরক্ত। সে (রেফারিকে) অপমান করে কিছু বলেনি, সে কেবল ইংরেজিতে বলছিল ‘এটা... গোল’, সে ওই কথাটাই বলছিল আমরা সবাই যা ভাবছিলাম। আমার মনে হয় সে (রেফারি) একটা ভুল করেছে।”

“বেলিংহ্যাম খুব স্পষ্টভাবেই কথাটা বলেছিল। ওই সময়ে সে খুবই ক্ষুব্ধ ছিল, কিন্তু ওইরকম ঘটনার পর সেটাই তো স্বাভাবিক। তার আচরণ অপমানজনক ছিল না, কোনোভাবেই নয়।”

এই ড্রয়ের পর বার্সেলোনা ও জিরোনার সঙ্গে ব্যবধান কমে আসতে পারে রেয়ালের। ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আনচেলত্তির দল। ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা ও ৫৭ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা, তবে দুটি দলই একটি করে ম্যাচ কম খেলেছে।