১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিঙ্গাপুরে ভালো সমাপ্তির আশায় কাবরেরা

প্রতিপক্ষের মাঠে ভালো করতে না পারার বৃত্ত থেকে বেরিয়ে আসার লক্ষ্য জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ।

সিঙ্গাপুরে ভালো সমাপ্তির আশায় কাবরেরা
বাংলাদেশের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 03:47 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

বাছাইয়ে প্রথম পাঁচ রাউন্ডের একটিতে জয় এবং দুটি ড্র; এর মধ্যে একটি করে জয় ও ড্র ঘরের মাঠে- অর্থাৎ প্রতিপক্ষের আঙিনায় সেভাবে আলো ছড়াতে পারেনি বাংলাদেশ। সামনের প্রতিপক্ষ শক্তিশালী সিঙ্গাপুর, ম্যাচও হবে তাদের মাঠে। তবে প্রতিকূল স্রোত ডিঙিয়ে শেষ ভালোর স্বপ্ন দেখছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার স্বাগতিকদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ‘সি’ গ্রুপের শীর্ষে থেকে মূল পর্বে জায়গা করে নেওয়া সিঙ্গাপুর প্রথম লেগে বাংলাদেশের মাঠে জিতেছিল ২-১ গোলে।

পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা হংকংকে পেছনে ফেলে গ্রুপের দ্বিতীয় হতে হলে সিঙ্গাপুরের বিপক্ষে জিততেই হবে কাবরেরার দলকে। কঠিন এই চ্যালেঞ্জ খুব করে জিততে চান বাংলাদেশ কোচ।

“হ্যাঁ, এটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। বাছাইয়ে আমরা খুব ভালো পারফরম্যান্স করেছি, কিন্তু সম্ভবত আমরা যা আশা করেছিলাম, তার চেয়ে কম পয়েন্ট পেয়েছি। তাই আমরা একটি ভালো সমাপ্তি চাই। আমরা আগামীকাল একটি শক্তিশালী পারফরম্যান্স দেখাতে চাই এবং ৩ পয়েন্টের জন্য লড়াই করতে চাই।"

“আগামীকাল আমাদের সুযোগ আছে ৮ পয়েন্ট নিয়ে শেষ করার এবং শেষ তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট পাওয়ার। এটা আমাকে সত্যিই রোমাঞ্চিত করছে। এরপর আমরা দেখব, কী হয়। তবে ইতিবাচক দিক হলো দল নিশ্চিতভাবেই উন্নতির দিকে আছে এবং আগামীকাল আমাদের সামনে সেটি দেখানোর আরেকটি সুযোগ।”

গত জুনে ঢাকায় প্রথম লেগে সিঙ্গাপুরের বিপক্ষে দারুণ লড়াই করেছিল বাংলাদেশ। সেবার পূর্ণ শক্তির দল পেয়েছিলেন কাবরেরা। এবার কার্ডের কারণে তিনি পাচ্ছেন না তপু বর্মন, রাকিব হোসেনের মতো অভিজ্ঞদের। প্রথম পর্বের ম্যাচে সিঙ্গাপুরের জালের দেখা পেয়েছিলেন রাকিব। এদিনের সংবাদ সম্মেলনে, সেই ২-১ ব্যবধানে হৃদয় ভাঙা হারের প্রসঙ্গও উঠল কাবরেরার কথায়।

“প্রথম ম্যাচটি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। ওই ম্যাচে আমাদের শুরুটা খুব ভালো ছিল; কিন্তু কোনোভাবে আমরা শক্তি হারিয়ে ফেলেছিলাম এবং ম্যাচের মাঝামাঝি সময়ে সিঙ্গাপুর সুযোগগুলো খুব ভালোভাবে কাজে লাগায়। আমাদের দুটি ভুলের সুযোগ নিয়ে তারা ম্যাচটি জিতে নেয়। তবে আপনাদের যদি মনে থাকে, শেষ ২০-৩০ মিনিটে আমাদের অন্তত এক পয়েন্ট পাওয়ার অনেক সুযোগ ছিল। তাই আমরা আগামীকাল অন্তত একই মানের প্রতিদ্বন্দ্বিতা আশা করছি।”

“ঘরের মাঠে আমরা কিছু ভালো ফলাফল পেয়েছি, যা আমাদের লক্ষ্য ছিল। জামাল যেমনটা বলছিল, কিছু খেলোয়াড় যুক্ত হওয়া আমাদের অভিজ্ঞতা এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অনেক ইতিবাচক দিক যোগ করেছে…আমরা ঘরের মাঠে ভারতের বিপক্ষে দারুণ জয় পেয়েছি; কিন্তু সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে আমরা কিছু পয়েন্ট মিস করেছি, যা আজ আমাদের চূড়ান্ত রাউন্ডের জন্য লড়াই করার সুযোগ দিতে পারত। আশা করি, আগামীকাল আমরা আরেকটি ভালো ফল দিয়ে শেষ করতে পারব।”