০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

‘আগে ইতালির বিপক্ষে জয়টা উপভোগ করি, তারপর শেষ আট নিয়ে ভাবব’

শিরোপাধারীদের বিপক্ষে দল যেভাবে দাপট দেখিয়ে জিতেছে, সেটিই বেশি তৃপ্তি দিচ্ছে কোচ ইয়াকিনকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2024, 08:32 AM

Updated : 26 Aug 2026, 09:53 AM

ম্যাচজুড়ে দাপুটে পারফরম্যান্সে ইতালিকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেছে সুইজারল্যান্ড। সেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড অথবা স্লোভাকিয়া। তবে সামনের লড়াইয়ে নামার আগে ইতালির বিপক্ষে পাওয়া জয় পুরোদমে উপভোগ করতে চান সুইস কোচ মুরাত ইয়াকিন।

বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে শনিবার রাতে গত আসরের চ্যাম্পিয়ন ইতালিকে ২-০ গোলে হারায় সুইজারল্যান্ড। প্রথমার্ধে রেমো ফ্রয়লার দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান রুবেন ভার্গাস।

ম্যাচে সুইজারল্যান্ডের দাপটের চিত্র মেলে পরিসংখ্যানেও, গোলের জন্য ১৬টি শট নিয়ে তারা লক্ষ্যে রাখে ৪টি। সেখানে ইতালির ১১ শটের মাত্র একটি লক্ষ্যে ছিল, সেটাও ৭৩তম মিনিটে।

শিরোপাধারীদের বিপক্ষে দল যেভাবে দাপট দেখিয়ে জিতেছে, সেটিই বেশি তৃপ্তি দিচ্ছে কোচ ইয়াকিনকে।

“আমরা গুরুত্বপূর্ণ একটি ম্যাচ জিতেছি এবং এটিই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগামীকাল কী ঘটবে, তারপর কী হবে…আমরা আমাদের পরবর্তী প্রতিপক্ষের জন্য আবার ভালোভাবে প্রস্তুতি নেব।”

“মাঠে আমরা তাদের ব্যস্ত রেখেছিলাম এবং তাদের চাপে রেখেছিলাম। শুধু যে আমরা জিতেছি তা নয়, আমরা যেভাবে জিতেছি (সেটাও বড় ব্যাপার)।” 

একটি গোল করে এবং একটি করিয়ে ম্যাচের সেরা ভার্গাস। শুরু থেকে একের পর এক আক্রমণে ইতালিকে ব্যতিব্যস্ত রাখার তৃপ্তি এই মিডফিল্ডারের কণ্ঠে, ‘আমরা তাদের শ্বাস নেওয়ার সময় দেইনি।’

ইতালির বিপক্ষে ৬২ বারের দেখায় সুইজারল্যান্ডের এটি মাত্র নবম জয়, ১৯৯৩ সালের পর প্রথম।

এই নিয়ে টানা ষষ্ঠবারে মতো বড় টুর্নামেন্টের নকআউট পর্বে খেলছে সুইসরা। ইউরোর শেষ আটে উঠল তারা টানা দ্বিতীয়বারের মতো।

অন্যদিকে, ইতালি গত ২০ বছরের মধ্যে এই প্রথম কোয়ার্টার-ফাইনালের আগে ইউরো থেকে বিদায় নিল।