‘সতর্ক হোন, সিঙ্গাপুরের মতো ঘটনা আর নয়’
জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে ২৬ বাংলাদেশিকে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানোর মতো ঘটনা এড়াতে প্রবাসীদের সামাজিক মাধ্যম ব্যবহারেও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
নিজের ফেইসবুক পাতায় শনিবার রাতে এক স্ট্যাটাসে তিনি বলেন, “প্রবাসী ভাইয়েরা, নিজেদের সর্বনাশ নিজেরা ডেকে আনবেন না। সিংগাপুরের মতো ঘটনা যেন আর না ঘটে।”
গত বুধবার সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ১৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে ২৭ বাংলাদেশিকে তারা গ্রেপ্তার করে, যারা সেখানে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। তাদের মধ্যে ২৬ জনকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
সিঙ্গাপুর সরকারের ভাষ্য, ওই বাংলাদেশিরা আল কায়েদা ও আইএস-এর মতো জঙ্গি সংগঠনের সশস্ত্র জিহাদের মতাদর্শে বিশ্বাসী। তাদের মধ্যে কেউ কেউ সিঙ্গাপুরে বসে বাংলাদেশে সরকারের বিরুদ্ধে সশস্ত্র জিহাদের পরিকল্পনায় ছিলেন। জঙ্গিবাদে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তারা আর্থিক সহযোগিতাও করেছেন।
“মনে রাখবেন আপনারা কেউই নজরদারির বাইরে না। একটা সুন্দর ভবিষ্যতের আশায় এত কষ্ট করে তৈরী করা জীবনটার এগিয়ে চলা মাঝপথে থামিয়ে দেবেন না।”
সিঙ্গাপুর সরকার ২৬ বাংলাদেশিকে ফেরত পাঠানোর পর গত ২১ ডিসেম্বর ঢাকার উত্তরার এক বাসা থেকে তাদের আটক করে পুলিশ। পরে উত্তরা পূর্ব থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে ১৪ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।
পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের পর তাদের কারাগারে পাঠানোর জন্য আদালতে তোলা হলে ২৭ ডিসেম্বর প্রথম বিষয়টি বাংলাদেশের গণমাধ্যমে আসে।
