ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের লেনদেন শুরুর দিনে জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড কোম্পানির শেয়ার লেনদেনের শীর্ষে উঠেছে।
তালিকাভুক্তির পর দেশের দুই শেয়ারবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বুধবার লেনদেন শুরু হয় এই কোম্পানির শেয়ারের।
সেদিন ডিএসইতে মোট লেনদেনের ১৫ দশমিক ৫ শতাংশ ছিল জেনারেশন নেক্সট ফ্যাশনসের শেয়ার।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০ টাকা ইস্যু মূল্যের প্রতিটি শেয়ারের লেনদেন শুরু হয় ৩১ টাকা থেকে, যা দিন শেষে দাঁড়ায় ৪৩ টাকা ৫০ পয়সায়।
এদিন ডিএসইতে কোম্পানিটির ১ কোটি ২ লাখ ৩১ হাজার ৫০০টি শেয়ার লেনদেন হয়েছে, যার মূল্য প্রায় ৩৮ কোটি ১২ লাখ টাকা।
জেনারেশন নেক্সট ফ্যাশনসের মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৭১ লাখ ৬৫ হাজার। এর মধ্যে ২৫ দশমিক ৬০ শতাংশ অর্থাৎ ৩ কোটি শেয়ার বাজারে ছেড়ে ৩০ কোটি টাকা সংগ্রহ করেছে কোম্পানিটি।
প্রতিটি ১০ টাকার শেয়ারে কোনো প্রিমিয়াম ছিল না।
পুঁজিবাজার গবেষণা প্রতিষ্ঠান মাইন্ড স্প্রিং রিসার্চ এর মতে, টেক্সটাইল খাতের নতুন জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডর শেয়ার বাজারে বুধবার ইতিবাচক প্রভাব ফেলেছে।
টেক্সটাইল খাতের এ শেয়ারটির দাম বুধবার প্রায় ৩ শত ৩৭ শতাংশ বেড়েছে।
এদিকে তিনদিন টানা দর পতনের পর ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে বুধবার ৬ পয়েন্ট যোগ হয়েছে ।
গত দিনের তুলনায় আধা ঘন্টা কম লেনদেন হলেও লেনদেনের পরিমাণ বেড়েছে প্রায় ৬০ শতাংশ।
এদিকে বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছ দেশের পুঁজিবাজার নিয়ে ।
হাজি আহমেদ অ্যান্ড ব্রাদার্সের বিনিয়োগকারী মাহমুদুর রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দর পতনের মধ্যেও শেয়ার কিনেছি বাড়বে এই আশায়। তবে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে কিছুই বলা যায় না। ৩০ শতাংশ লাভ হতে পারে আবার ৬০ শতাংশ লোকসান হতে পারে।”
হ্যাক সিকিউরিটিজের মোহাম্মদ মাইনুল বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব শেয়ার বিক্রি করে দিয়েছি। বার বার লোকসান হচ্ছে আর ভালো লাগছে না, পুঁজিবাজারকে আর বিশ্বাস করতে পারছি না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এমআই/২২৪৬ ঘ.
bdnews24