২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক বাড়লেও লেনদেন কমেছে ডিএসইতে

সপ্তাহের চতুর্থ দিন ডিএসই সূচক এগিয়েছে ১০ পয়েন্ট। হাতবদল হয়েছে প্রায় ৮৭০ কোটি টাকার শেয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 05:11 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিনের চেয়ে লেনদেন কমলেও সূচক বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সপ্তাহের চতুর্থ দিন বুধবার ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪২৪ পয়েন্ট হয়েছে। হাতবদল হয়েছে প্রায় ৮৭০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের দিনের চেয়ে প্রায় ৭০ কোটি টাকা কম। বুধবার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইর সাধারণ সূচক ৬৪ পয়েন্ট বাড়ে। তবে ৪০ মিনিটের মাথায় সূচক সামান্য পড়ে যায়। লেনদেনের শেষ ঘণ্টায় এসে পতনের গতি দ্রুততর হয়। তবে শেষ পর্যন্ত আগের দিনের চেয়ে বেশি পয়েন্ট নিয়েই শেষ হয় লেনদেন। দিনশেষে দাম বৃদ্ধির তালিকায় থাকে ১৪৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড, কমে যায় ১০৯টি এবং অপরিবর্তিত থাকে ১৮টি। এর আগে মঙ্গলবার ডিএসই সূচক ৫৬ পয়েন্ট বেড়ে সূচক ৪ হাজার ৪১৩ পয়েন্ট হয়। হাতবদল হয় ৯৩৯ কোটি টাকার শেয়ার, যা গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ১৮ এপ্রিল এ বাজারে ৯৯১ কোটি টাকার লেনদেনে হয়েছিল। সোমবার ডিএসই সূচক ২৭ পয়েন্ট কমলেও লেনদেন হয় আগের দিনের চেয়ে বেশি। লেনদেন শেষ হয় সূচকের ঘরে ৪ হাজার ৩৫৭ পয়েন্ট নিয়ে। হাতবদল হয় ৭৫৯ কোটি টাকার শেয়ার। সপ্তাহের প্রথম দিন রোববার এ বাজারে সূচক বাড়ে ৬০ পয়েন্ট। হাতবদল হয় ৬১০ কোটি টাকার শেয়ার। গত সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে প্রথম তিন দিন সূচক উঠলেও শেষ দুদিনের পতনে মোট ১২২ পয়েন্ট হারায় ডিএসইর সাধারণ সূচক। এর আগের সপ্তাহে সূচক বেড়েছিল ১৯১ পয়েন্ট। গত সপ্তাহে লেনদেন হয়েছে প্রায় ২ হাজার ৯৭১ কোটি টাকার শেয়ার, তার আগের সপ্তাহে যা ৩ হাজার ২২৭ কোটি টাকা ছিল। অবশ্য গত দুই সপ্তাহে প্রতিদিনই ৫০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে ডিএসইতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৩৪০ ঘ.