ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শেষ দিনে শুরু থেকে অধিকাংশ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বৃদ্ধির ধারা থাকলেও শেষ মুহূর্তে এসে দরপতন ঘটেছে।
দিন শেষে সাধারণ সূচক প্রায় ৬.৫৬ পয়েন্ট বা .১৪ শতাংশ কমে ৪ হাজার ৪৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে আগের দিনের চেয়ে প্রায় ৮১ কোটি টাকা বেশি লেনদেনে হয়েছে।
সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক যোগ হয়েছে ১৯১ পয়েন্ট বা ৪ দশমিক ৪৮ শতাংশ, এই হার গত আট সপ্কাহে সর্বাধিক।
বৃহস্পতিবার হাতবদল হয় প্রায় ৭৮৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা গত চার মাসে সর্বোচ্চ। এর মধ্যে দাম বাড়ে ১১৬টির, কমে ১৪৭টির এবং অপরিবর্তিত ছিল ১২টির দাম।
এ সপ্তাহের প্রতিদিনই ৫০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে ডিএসইতে।
সপ্তাহের চতুর্থ দিন দেশের প্রধান পুঁজিবাজারে সূচক বাড়ে প্রায় ১৬১ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ৭০৪ কোটি টাকা।
মঙ্গলবার সূচক কমে প্রায় দশমিক ৪৯ পয়েন্ট। হাতবদল হয় ৫৮০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
সোমবার ডিএসই সাধারণ সূচক কমে প্রায় ৪২ পয়েন্ট। হাতবদল হয় ৬৩০ কোটি টাকার শেয়ার।
সপ্তাহের প্রথম দিন সাধারণ সূচক বাড়ে প্রায় ১২৭ পয়েন্ট । হাতবদল হয় ৫২৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এমআই/১৫১৭ ঘ.
bdnews24