২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুদ্রানীতি পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব ফেলবে’

কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত নতুন মুদ্রানীতি পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 11:20 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, ১৮ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত নতুন মুদ্রানীতি পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলেছেন, জুলাই-ডিসেম্বর মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়বে বলে ঘোষণা দেয়া হয়েছে। এতে অর্থনীতিতে টাকার প্রবাহ বাড়বে। পুঁজিবাজারেও তার ইতিবাচক প্রভাব পড়বে। বুধবার সকালে গভর্নর আতিউর রহমান নতুন অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা করেন। এতে বেসরকারি খাতের ঋণ প্রবাহ ১৮ দশমিক ৩ শতাংশ বাড়বে বলে বলা হয়েছে। গত অর্থবছরের শেষ মাস জুনে এই বৃদ্ধির হার ১৮ শতাংশ ছিল বলে ধারণা করা হচ্ছে। নতুন মুদ্রানীতি পুঁজিবাজারে কি ধরনের প্রভাব পড়বে- এ প্রশ্নের উত্তরে গভর্নর সাংবাদিকদের বলেন, “বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। সার্বিকভাবে আমার মনে হয়, নতুন মুদ্রানীতি পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব ফেলবে।” নতুন মুদ্রানীতি নিয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান বলেন, “বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। পুঁজিবাজার সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন তা বাজার স্থিতিশীল করতে সহায়তা করবে।” “আর্থিক প্রতিষ্ঠানগুলো বাজারের দিকে এগিয়ে আসতে শুরু করেছে। আমি আশা করছি, মিউচুয়াল ফান্ড ও মার্চেন্ট ব্যাংকগুলোও এগিয়ে আসবে। এর ফলে বাজার ভালো হবে,” যোগ করেন রকিবুর। ডিএসইর জ্যেষ্ঠ সহ-সভাপতি আহমেদ রশিদ লালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবারের মুদ্রানীতি অনুযায়ী বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়বে। আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও ঋণের প্রবাহ বাড়বে।” “এ দুটি ক্ষেত্রে টাকার প্রবাহ বাড়লে অর্থনীতিতেও টাকার প্রবাহ বাড়বে সে ক্ষেত্রে পুঁজিবাজারে সেটার পরোক্ষ ইতিবাচক প্রভাব আসবে”, যোগ করেন তিনি। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি এম এ হাফিজ বলেন, “এবারের মুদ্রানীতি অনুযায়ী অর্থনীতিতে টাকার প্রবাহ বাড়বে। এটি পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব ফেলবে।” তিনি বলেন, “তবে ব্যাংকগুলোর পুঁজিবাজারে যে বিনিয়োগ করার কথা রয়েছে, সে বিষয়ে মুদ্রানীতিতে যদি ব্যাংকগুলোর জন্য কোনো প্রণোদনার ব্যাবস্থা থাকত তাহলে তা পুঁজিবাজারের জন্য আরও ভাল হত।” চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেসরকারি খাতে ঋণ বাড়লে তারল্য কিছুটা বাড়বে সেটি দেশের পুঁজিবাজারে পরোক্ষভাবে একটি ইতিবাচক প্রভাব ফেলবে”। “তবে বানিজ্যিক ব্যাংক, মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউজগুলোকে যদি পুঁজিবাজারে ঋণ সরবরাহর বিষয়টিতে শিথিলতা দেওয়া হত তাহলে সেটি পুঁজিবাজারে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলতে পারত”, যোগ করেন তিনি। এদিকে মুদ্রানীতি ঘোষণার দিন ডিএসই সাধারণ সূচক ৩ দশমিক ৮৬ শতাংশ বা ১৫৫ পয়েন্ট বেড়ে হয়েছে ৪ হাজার ১৮৩ পয়েন্ট। গত দিনের চেয়ে প্রায় ৮৩ কোটি টাকা লেনদেন বেড়ে হয়েছে ২০৪ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/আরবি/এসইউ/১৯৩৩ ঘ.