২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার কেনার সময় বাড়ানোর আবেদন নাকচ

এক উদ্যোক্তা পরিচালকের শেয়ার কেনার জন্য সময় বাড়ানোর আবেদন বিবেচনা করতে প্রত্যাখ্যান করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 01:34 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক উদ্যোক্তা পরিচালকের শেয়ার কেনার জন্য সময় বাড়ানোর আবেদন বিবেচনা করতে প্রত্যাখ্যান করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এনসিসি ব্যাংকের পরিচালক নুরুল ইসলাম ন্যুনতম ২ শতাংশ শেয়ার কেনার জন্য ছয় বছর সময় বাড়ানোর আবেদন করেন। আবেদনটি বিবেচনা করতে অপরাগতার বিষয়টি নুরুল ইসলামকে চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছে এসইসি। পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে গত ২২ নভেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে এসইসি। ওই প্রজ্ঞাপনে বলা হয়, তালিকাভূক্ত কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের কাছে সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যুনতম ৩০ শতাংশ শেয়ার এবং প্রত্যেক পরিচালকের কাছে ন্যুনতম ২ শতাংশ শেয়ার থাকতে হবে। ২ শতাংশ শেয়ার ধারণ করতে না পারলে ওই পরিচালক কোম্পানি থেকে বাদ পড়বেন এবং ৩০ শতাংশ শেয়ার না থাকলে ওই কোম্পানি রাইট শেয়ার ও আরপিওর মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়াতে পারবে না। এসইসির নির্দেশনা পালনের সময়সীমা ২১ মের মধ্যে শেষ হয়েছে। নুরুল ইসলাম গত ১৪ এপ্রিল শেয়ার কেনার সময় ৬ মাস থেকে বাড়িয়ে ৬ বছর করার জন্য এসইসির কাছে আবেদন করেন। এসইসি ওই আবেদনে কোনো উত্তর না দেয়ায় ২২ মে তিনি উচ্চ আদালতের একটি বেঞ্চে রিট পিটিশন করেন। ওইদিনই আদালত ওই আবেদনটি নিষ্পত্তি করে দেয়। নুরুল ইসলামের আবেদনের বিষয়ে একমাসের মধ্যে হ্যাঁ বা না বলতে এসইসিকে নির্দেশ দেয় আদালত। গত বুধবার এসইসির উপ-পরিচালক আবু রায়হান মোহাম্মদ মুতাসীম বিল্লাহ এক চিঠির মাধ্যমে নুরুল ইসলামকে সময় না বাড়ানোর বিষয়টি জানিয়ে দেন। চিঠিটিতে বলা হয়েছে, “পরিশোধিত মূলধনের ২ শতাংশ শেয়ার অর্জনের সময়সীমা ছয় বছর পর্যন্ত বর্ধনের আবেদনের বিষয় আদালতের অত্র আদেশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে সুরাহাকরণের আদেশের প্রেক্ষিতে আপনাকে জানানো যাচ্ছে যে, আপনার আবেদনটি কমিশন বিবেচনা করতে অপারগতা প্রকাশ করেছে।” ঢাকা স্টক এক্সচেঞ্জের থেকে পাওয়া এক হিসেব অনুযায়ী ২১ মে পুঁজিবাজারে তালিকাভূক্ত ২০৯ কোম্পানির ৩৩৫ উদ্যোক্তা, পরিচালকের কাছে ন্যুনতম ২ শতাংশ শেয়ার ছিল না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/আরবি/এসইউ/১৯৩১ ঘ.