ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার নিয়ে ‘বেফাঁস’ মন্তব্য না করতে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ।
পুঁজিবাজার নিয়ে অর্থমন্ত্রীর সা¤প্রতিক মন্তব্য নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পুঁজিবাজার অত্যন্ত স্পর্শকাতর জায়গা। তাই আমাদের উচিৎ হবে সরকারি বা বেসরকারি, ব্যক্তি বা প্রতিষ্ঠান, কোনো জায়গা থেকেই বাজার নিয়ে বেফাঁস মন্তব্য করা থেকে বিরত থাকা।”
দেশের ‘অস্থির’ শেয়ারবাজারকে ‘দুষ্ট বাজার’ আখ্যা দিয়ে সমালোচনার মুখে পড়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার দেশের পুঁজিবাজারকে ‘দুষ্টু বাজার’ আখ্যায়িত করে এ নিয়ে কোনো কথা বলতে সংসদে অনীহা প্রকাশ করেছিলেন অর্থমন্ত্রী। সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অর্থমন্ত্রী বলেন, “শেয়ারবাজার সম্পর্কে আমি কোনো বক্তব্য রাখি না। এই শেয়ারবাজার দুষ্টু শেয়ার বাজার।”
মঙ্গলবার অর্থমন্ত্রীর এ মন্তব্যের সমালোচনা করে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে বুধবার অর্থমন্ত্রী আবার বলেন, “পুরো বাজারটাই দুষ্ট, অনেকে এ বাজারে নিঃস্ব হয়ে গেছে, তবুও বাজার ছাড়ছে না। কিছু লোক দুষ্ট নয়, সবাই দুষ্ট।”
অর্থমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করে মোহাম্মদ এ হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অর্থমন্ত্রী মনে হয় ইমোশনাল হয়ে কথাগুলো বলেছেন। তবে এ ধরণের কথা বাজারের জন্য ভালো না।”
এদিকে তারল্য সংকটকে পুঁজিবাজারে সা¤প্রতিক দরপতনের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন মার্চেন্ট ব্যাংকার্সদের এ নেতা।
তিনি বলেন, “বাজারে আস্থার পাশাপাশি তারল্য সংকট রয়েছে। তারল্য সংকট দুর করার জন্য বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিতে পারে।”
“সংকোচনমূলক মুদ্রানীতির কারণে বাজারে তারল্যের অভাব রয়েছে। যেহেতু মূল্যস্ফীতি দুই অংক থেকে এক অংকের ঘরে নেমে এসেছে, সেহেতু বাজারে মুদ্রা সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিতে পারে কেন্দ্রীয় ব্যাংক। এক্ষেত্রে সিআর, এসএলআর কিছুটা কমানোর চিন্তাও করা যেতে পারে।”
গত প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে নিম্নমুখী প্রবণতায় রয়েছে পুঁজিবাজার। এ সময়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক প্রায় ১ হাজার পয়েন্টের মতো কমেছে।
হাফিজ বলেন, “তারল্য সরবরাহ বাড়লে আস্থা বাড়বে। এতে গতি ফিরে পাবে বাজার।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৭৪৪ ঘ.
bdnews24