২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট পুঁজিবাজারবান্ধব: রকিবুর

প্রস্তাবিত বাজেটকে পুঁজিবাজারবান্ধব আখ্যায়িত করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি রকিবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 04:37 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত বাজেটকে পুঁজিবাজারবান্ধব আখ্যায়িত করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি রকিবুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আগের প্রণোদনা সম্পূর্ণ অব্যাহত রেখে বাজেটে পুঁজিবাজারের জন্য বেশকিছু সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। এতে বাজারের প্রতি সরকারের আন্তরিকতা ফুটে উঠেছে, যার ইতিবাচক প্রভাব বাজারে পড়বে বলে আমি মনে করি।” বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মার্চেন্ট ব্যাংকগুলোর করের হার ৫ শতাংশ কমিয়ে ৩৭ দশমিক ৫ শতাংশ করা এবং লভ্যাংশ আয় ৫ হাজার টাকা পর্যন্ত করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে। এছাড়া কোনো কোম্পানি তার পরিশোধিত মূলধনের ন্যূনতম ২০ শতাংশ শেয়ার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে হস্তান্তর করলে সংশ্লিষ্ট বছরে প্রযোজ্য আয়করের ওপর ১০ শতাংশ হারে কর রেয়াত পাবে। বাজারের স্থিতিশীলতার জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা বাজেট বক্তৃতায় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “দুঃখজনক হলেও সত্যি যে, গত প্রায় এক বছর ধরে বাজার মূলধন ও সূচকে ব্যাপক সংশোধন হয়। বিষয়টি আমরা যথেষ্ঠ গুরুত্বের সঙ্গে নিয়ে নানামুখী পদক্ষেপ গ্রহণ করি। এর ফলে বর্তমানে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে আসার অবস্থা সৃষ্টি হয়েছে।” অর্থমন্ত্রী তার বক্তব্যে স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন, উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণ, বিভিন্ন আইনের সংস্কার, দ্রুত লেনদেন নিষ্পত্তির জন্য ক্লিয়ারিং ও সেটেলমেন্ট কোম্পানি প্রতিষ্ঠার কাজের অগ্রগতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। রকিবুর রহমান বলেন, “নতুন তালিকাভুক্তির ক্ষেত্রে ১০ শতাংশ কর রেয়াত দেওয়ায় পুঁজিবাজারে ভালো ভালো কোম্পানি তালিকাভুক্ত হতে আগ্রহী হবে। এতে বিনিয়োগকারীরা লাভবান হবে। “অর্থমন্ত্রী তার বক্তৃতায় বাজারের গুরুত্বপূর্ণ সব বিষয়গুলোই তুলে ধরেছেন। এতে বাজারের প্রতি সরকারের আন্তরিকতা আরো ভালোভাবে প্রকাশ পেয়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়বে বলে আমি মনে করি। সব মিলিয়ে এ বাজেটকে পুঁজিবাজারবান্ধব বলে আমরা মনে করছি।” বাজেটের প্রতিক্রিয়ায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সভাপতি আল মারুফ খান বলেন, “অর্থমন্ত্রী আমাদের বলেছিলেন বিগত অর্থ বছরের বাজেটের ধারাবাহিকতা অক্ষুন্ন থাকবে। তিনি সে কথা রেখেছেন। ” “মার্চেন্ট ব্যাংকসমূহের আয়করের হার কমিয়ে ৩৭ দশমিক ৫ শতাংশে পুনর্নির্ধারিত করায় মার্চেন্ট ব্যাংকগুলো উৎসাহিত হবে।” এদিকে কর কমানোর প্রতিক্রিয়ায় বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা প্রত্যাশিতই ছিল। আগে একটা ভুল বোঝাবুঝি ছিল। ভুল করে আমাদের আর্থিক প্রতিষ্ঠান বিবেচনা করে ৪২ দশমিক ৫ শতাংশ করের আওতায় আনা হয়েছিল।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএইচ/২২৩২ ঘ.