২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি

রোববার থেকে নতুন সময়সূচিতে লেনদেন চালু হতে যাচ্ছে দেশের দুই পুঁজিবাজারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2012, 01:56 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন সময়সূচিতে লেনদেন চালু হতে যাচ্ছে দেশের দুই পুঁজিবাজারে। দুই স্টক এক্সচেঞ্জের জনসংযোগ কর্মকর্তারা জানিয়েছেন, রোববার থেকে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হবে সকাল সাড়ে ১০টায় এবং শেষ হবে বেলা আড়াইটায়। কয়েক বছর ধরে দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হতো সকাল ১১টায় এবং শেষ হতো বেলা তিনটায়। গত ৩১ মার্চ চট্টগ্রামে দুই স্টক এক্সচেঞ্জের যৌথ সভায় নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিষয়টি বিবেচনায় রেখে লেনদেনের সময়সীমা আধঘন্টা এগিয়ে আনার এ সিদ্ধান্ত নেওয়া হয়। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনুমোদনের পর রোববার থেকে এই নতুন সময়সূচি অনুযায়ী লেনদেন চালু হবে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নতুন সময়ে লেনদেন চালুর বিষয়টি গত মাসের শেষ সপ্তাহে অনুমোদন দিয়েছে এসইসি। আগের সময়ের চেয়ে রোববার থেকে আধ ঘন্টা আগে লেনদেন শুরু হয়ে আধঘন্টা আগেই শেষ হয়ে যাবে।” চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের জনসংযোগ কর্মকর্তাও একই তথ্য জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/আরবি/এইচএ/১৯৫১ ঘ.