২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: হরতালের লেনদেনে দরপতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম দিন লেনদেন শেষে সাধারণ সূচক কমেছে প্রায় ১৫২ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 05:50 AM

Updated : 25 Apr 2022, 09:17 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিএনপির ডাকা হরতালের মধ্যে লেনদেন শেষে সাধারণ সূচক কমেছে প্রায় দেড়শ’ পয়েন্ট। লেনদেনও কমেছে। নির্ধারিত সময়ের আগেই সিংহভাগ সদস্য লগইন করায় রোববার যথাসময়ে বেলা ১১টা ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়। লেনদেন শুরুর আগেই ডিএসইর ওয়েবসাইটে ১৭টি কোম্পানির লভ্যাংশ ঘোষণার খবর আসে। এরই মধ্যেই লেনদেন শুরুর পর থেকে সূচক কমতে থাকে। প্রথম ঘণ্টায় সূচক কমে প্রায় ১৬৬ পয়েন্ট। এরপর সূচক খানিকটা ওপরের দিকে ওঠে। দিনশেষে ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১৫২ পয়েন্ট কমে ৫ হাজার ১১ পয়েন্ট হয়েছে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত আছে ৭টির দাম। লেনদেন হয়েছে প্রায় ৪৩০ কোটি টাকার শেয়ার যা গতদিনের চেয়ে প্রায় ১৮৪ কোটি টাকা কম। গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে ২০৪ পয়েন্ট বা ৩ দশমিক ৮ শতাংশ। দৈনিক গড় লেনদেন কমে দাঁড়ায় ৭৬১ কোটি টাকায় যা আগের সপ্তাহে ছিল ১ হাজার ২১ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫৩১ ঘ.