ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত একমাসে পুঁজিবাজার উর্ধ্বমুখি থাকার সময় কিছু কোম্পানির শেয়ারের দাম ‘অস্বাভাবিকভাবে’ বেড়ে চলেছে।
‘কোনো সংঘবদ্ধ চক্র’ কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়াচ্ছে কি না তা নিয়ন্ত্রক সংস্থার দেখা উচিৎ বলে মত দিয়েছেন বাজার বিশেষজ্ঞরা।
গত ৭ মার্চ থেকে রোববার পর্যন্ত কার্যদিবসে ডিএসই সাধারণ সূচক ছিল ১৯ দশমিক ৫৫ শতাংশ বেড়ে হয়েছে ৫১২২ দশমিক ২৩ পয়েন্ট। এ সময়ে ১৬ কার্যদিবসের ব্যবধানে ৩০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত দাম বেড়েছে প্রায় ৫০ কোম্পানির শেয়ারের।
এ বিষয়ে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসির) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যদি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস থেকে এভাবে দাম বেড়ে থাকে তাহলে ভালো। আর যদি সংঘবদ্ধভাবে কৃত্রিম উপায়ে দাম বাড়ানো হয় তাহলে উদ্বেগের বিষয় রয়েছে।”
“কেউ যদি কৃত্রিমভাবে দাম বাড়িয়ে মুনাফা নিয়ে সরে পড়ে তাহলে ক্ষতির সম্মুখীন হবেন বিনিয়োগকারীরা।”
“বাজারের আচরণে এখনো অস্বাভাবিকতা দেখা যাচ্ছে। যেসব ভালো শেয়ারের দাম বাড়া উচিৎ ছিলো সেগুলো এখনো বাড়ছে না,” বলেন তিনি।
তবে এসইসির সাবেক এ চেয়ারম্যানের মতে, কিছু শেয়ারের দাম ইতোমধ্যে বেড়ে গেলেও বেশিরভাগ শেয়ার দাম বিনিয়োগের যৌক্তিক পর্যায়ে রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে জানা যায়, গত ১৬ কার্যদিবসে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ ও জ্বালানি, সিমেন্ট এবং প্রকৌশলসহ কয়েকটি খাতের বেশ কয়েকটি কোম্পানির শেয়ারের দরে উর্ধ্বগতি রয়েছে।
এ সময়ে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের আইডিএলসি বেড়েছে ৭০ দশমিক ৮৯ শতাংশ, মাইডাস ৬১ দশমিক ৪৮ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল ৪৪ দশমিক ৪৭, লংকাবাংলা ফাইন্যান্স ৪২ দশমিক ৫৩ শতাংশ (১৩ কার্যদিবসে), ফিনিক্স ফাইন্যান্স ৩৫ দশমিক ৪৬, আইসিবি ৩৪ দশমিক ৬৯, ডিবিএইচ ৩১ দশমিক ৪৮, উত্তরা ফাইন্যান্স ৩১ দশমিক ৬৮ শতাংশ এবং প্রিমিয়ার লিজিং বেড়েছে ৩০ দশমিক ৪৮ শতাংশ।
১৬ কার্যদিকসে বিদ্যুৎ ও জ্বালানি খাতের মবিল যমুনা লুব্রিকেন্টস বেড়েছে ৬২ দশমিক ৩০ শতাংশ, ডেসকো ৫৩ দশমিক ১৩ শতাংশ, খুলনা পাওয়ার ৪৮ দশমিক ৬৩ শতাংশ, পাওয়ার গ্রিড ৪৭ দশমিক ২৭ শতাংশ, মেঘনা পেট্রোলিয়াম ৪০ দশমিক ৩৫ শতাংশ, যমুনা অয়েল ৩৮ দশমিক ৬৬ শতাংশ, বরকতউল্লাহ ইলেকট্রো ডায়নামিকস ৩৮ দশমিক ৯৭ শতাংশ এবং তিতাস গ্যাস বেড়েছে ৩৮ দশমিক ৬৪ শতাংশ।
এদিকে বিডি ল্যাম্পস বেড়েছে ৪৮ দশমিক ৫৮ শতাংশ, গোল্ডেনসন ৩৪ দশমিক ২৭, নাভানা সিএনজি ৩৩ দশমিক ৪৪, লোকসানি কোম্পানি ন্যাশনাল টিউবস ৫২ দশমিক ৮২ শতাংশ, অলিম্পিক ৩৮ দশমিক ৩৭ শতাংশ এবং আরএকে সিরামিক্স প্রায় ৪১ শতাংশ, অ্যাপেক্স অ্যাডেলচি ফুটওয়ার ৩৫ শতাংশ এবং অ্যাপেক্স ট্যানারি বেড়েছে ৩৬ দশমিক ৩৬ শতাংশ।
১৬ কার্যদিবসে ঢাকা ইন্সুরেন্স বেড়েছে ৩৯ দশমিক ৫৯ শতাংশ, ইস্টার্ণ ইন্সুরেন্স ৩৪ দশমিক ৩৬ শতাংশ, এশিয়া ইন্সুরেন্স ৩৩ দশমিক ৬২ শতাংশ এবং সিটি জেনারেল ইন্সুরেন্স বেড়েছে ৩২ দশমিক ৮১ শতাংশ।
শমরিতা হাসপাতাল বেড়েছে ৪১ দশমিক ১৪ শতাংশ, ইস্টার্ণ হাউজিং ৩৬ দশমিক ১৬ শতাংশ, স্যালভো কেমিক্যালস ৩৫ দশমিক ২৭ শতাংশ, সোনালী আঁশ ৩১ দশমিক ৫৯ শতাংশ, গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ান ৩০ দশমিক ৪১, পিএইচপি মিউচুয়াল ফান্ড ৩৪ দশমিক ৬২, তাল্লু স্পিনিং ৩৫ শতাংশ, সিএমসি কামাল ৩০ শতাংশ, সাফকো স্পিনিং ৩০ শতাংশ, অরিয়ন ইনফিউশন ৩৪ শতাংশ, কোহীনূর কেমিক্যালস ৩৩ দশমিক ১৪ শতাংশ এবং আর এন স্পিনিং বেড়েছে ৪০ শতাংশ।
গত ১৬ কার্যদিবসে সিমেন্ট খাতের সবগুলো কোম্পানির শেয়ারের দাম গড়ে ৩১ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক মো. মুসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেখা যাচ্ছে যেসব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে সেগুলোর বেশিরভাগই অপেক্ষাকৃত ছোট মূলধনী কোম্পানি।
“গত কয়েকদিনে দাম বৃদ্ধির ফলে যেসব কোম্পানির মূল্য আয় অনুপাত (পিই) বেড়ে গেছে যেসব কোম্পানির শেয়ারে নতুন করে বিনিয়োগ করা ঠিক হবে। অনেকেই গুজব নির্ভর বিনিয়োগ করছে। এটা করাও ঠিক হবে না।”
কোম্পানির মৌলভিত্তি দেখে পুঁজিবাজারে বিনিয়োগ করার পরামর্শ দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফএস/পিডি/২০২৫ ঘ.
bdnews24