২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে

মঙ্গলবার দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে সাধারণ সূচকে যোগ হয়েছে ৭৫ পয়েন্ট। লেনদেন হয়েছে ৭৫২ কোটি টাকার শেয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 05:42 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংক, জ্বালানি-বিদ্যুৎ ও ঔষধ-রসায়ন খাতের বেশিরভাগ শেয়ারের দাম বৃদ্ধির মধ্য দিয়ে মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো সূচক বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। একই সঙ্গে গত প্রায় আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে এদিন। মঙ্গলবার ডিএসইতে লেনদেন শুরুর পর ওঠানামার মধ্য দিয়ে সূচক বাড়তে থাকে। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৭৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৩৯ পয়েন্ট হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম। লেনদেন হয়েছে প্রায় ৭৫২ কোটি টাকার শেয়ার, যা গতদিনের চেয়ে প্রায় ৬১ কোটি টাকা বেশি। গত ৪ জানুয়ারির পর এটি সর্বোচ্চ লেনদেন। সেদিন ৮০৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। মঙ্গলবার ডিএসইর লেনদেন পর্যালোচনায় দেখা যায়, ব্যাংক, জালানি-বিদ্যুৎ, ঔষধ-রসায়ন খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং বেশিরভাগ মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে। অন্য দিকে দর হারিয়েছে বস্ত্র, খাদ্য ও আনুষঙ্গিক এবং বিবিধ খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার। মিশ্র প্রবণতা ছিল- সিরামিকস, প্রকৌশল, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও ইন্সুরেন্স খাতের শেয়ারে। বাজারের গতিপ্রকৃতি সম্পর্কে জানতে চাওয়া হলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজারে স্থিতিশীলতা দেখা যাচ্ছে। বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসও বাড়ছে।” তিনি বলেন, “লেনদেন দেখেই বোঝা যাচ্ছে বাজারে অর্থ প্রবাহ বাড়ছে। সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো, এখন আর আগের মতো সব শেয়ারের দাম এক সঙ্গে বাড়ছে না। কোনো কোনো শেয়ার বাড়ছে, আবার কোনো কোনোটার মূল্য সংশোধন হচ্ছে। এছাড়া বিনিয়োগকারীরা প্রতিদিনই মুনাফা নিয়ে (প্রফিট টেকিং) আবার নতুন বিনিয়োগে যাচ্ছেন।” এদিন লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো লিমিটেড, তিতাস গ্যাস, গ্রামীণফোন, যমুনা অয়েল, ইউনাইটেড এয়ার, মবিল যমুনা লুব্রিকেন্টস, ন্যাশনাল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, কেয়া কসমেটিকস ও সামিট পাওয়ার। দাম বৃদ্ধির শীর্ষে রয়েছে, কোহিনুর কেমিক্যালস, অ্যাপেক্স অ্যাডেলচি ফুটওয়ার, অ্যাটলাস বাংলাদেশ, পুর্বানি জেনারেল ইন্সুরেন্স, মাইডাস ফাইন্যান্স, ঢাকা ইন্সুরেন্স, ন্যাশনাল টিউবস, বিডি ল্যাম্পস, ইস্টার্ণ ব্যাংক ও সিটি ব্যাংক। ৪৫ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দেওয়া অ্যাপেক্স অ্যাডেলচি ফুটওয়ারের শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৪০ শতাংশ। দাম কমার শীর্ষে রয়েছে, এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, নর্দার্ন ইন্সুরেন্স, শমরিতা হাসপাতাল, মেঘনা সিমেন্ট, রহিমা ফুড, বার্জার পেইন্টস, প্রাইম লাইফ ইন্সুরেন্স, এফএএস ফাইন্যান্স, ফার্স্ট লিজ ও কে এন্ড কিউ। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক বাড়ার পর রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় ১০৪ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ৬৯১ কোটি টাকার শেয়ার। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক বাড়ে ২১৫ পয়েন্ট বা ৪ দশমিক ৭৫ শতাংশ। গড়ে প্রতিদিন লেনদেন হয় ৪৭৬ কোটি টাকা যা এর আগের সপ্তাহের দৈনিক গড় লেনদেনের চেয়ে ৮৬ শতাংশ বেশি। এর আগের সপ্তাহে সাধারণ সূচক ১৯৮ পয়েন্ট বা ৪ দশমিক ৫৭ শতাংশ বেড়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৮৩৮ ঘ.