ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীর ভূইয়ার স্ত্রী রোকসানা আক্তারকে সীমা অতিরিক্ত মার্জিন ঋণ দেওয়ার জন্য এনবিএল সিকিউরিটিজের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।
রোববার এ সংক্রান্ত একটি আদেশ জারি করে নিয়ন্ত্রক সংস্থা এসইসি।
এ জন্য গঠিত দুই সদস্যের তদন্ত কমিটিতে রয়েছেন, এসইসির পরিচালক শেখ মাহবুব উর রহমান ও উপ-পরিচালক ওহিদুল ইসলাম।
এসইসির আদেশে বলা হয়, এনবিএল সিকিউরিটিজ লিমিটেড তাদের গ্রাহক রোকসানা আক্তারকে নির্ধারিত সীমার অতিরিক্ত মার্জিন ঋণ দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে এই তদন্ত কমিটি গঠন করা হয়।
আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
পুঁজিবাজারে বিনিয়োগে সংশ্লিষ্টতা পাওয়ায় গত ১ মার্চ এসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীর ভূইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়।
তখন তার স্ত্রীকে সীমা অতিরিক্ত মার্জিন ঋণ দেওয়ার জন্য এনবিএল সিকিউরিটিজের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিল কমিশন।
গত বছরের জানুয়ারিতে পুঁজিবাজারে ধসের পর গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে আনোয়ারুল কবীর ভূইয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/আরএম/এসইউ/১৫১৭ ঘ.
bdnews24