২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার নিয়ে মন্তব্যে নিয়ন্ত্রণ সরকারের

পুঁজিবাজারকে প্রভাবিত করতে পারে- এমন কয়েকটি সুনির্দিষ্ট বিষয়ে বক্তব্য বা সিদ্ধান্ত দেওয়ার আগে নিয়ন্ত্রণ সংস্থা এসইসির সঙ্গে আলোচনা বা পরামর্শের নির্দেশ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 11:41 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারকে প্রভাবিত করতে পারে- এমন কয়েকটি সুনির্দিষ্ট বিষয়ে বক্তব্য বা সিদ্ধান্ত দেওয়ার আগে নিয়ন্ত্রণ সংস্থা এসইসির সঙ্গে আলোচনা বা পরামর্শের নির্দেশ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারি করা এ সংক্রান্ত আদেশটি বুধবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ওই আদেশে বলা হয়েছে, “বিশ্বব্যাপী পুঁজিবাজার একটি সংবেদনশীল বাজার হিসেবে স্বীকৃত। এই ধারবাহিকতায় বাংলাদেশের পুঁজিবাজারও অত্যন্ত সংবেদনশীল। এ কারণে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা কর্তৃক পুুঁজিবাজার সম্পর্কে সম্যক অবহিত না হয়ে বিভিন্ন বক্তব্য ও মন্তব্য প্রদানের ফলে বাজার প্রভাবিত হওয়ার এবং বাজারে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা থাকে।” “এ কারণে পুঁজিবাজার সংক্রান্ত সিদ্ধান্ত/বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে আলোচনা, পরামর্শ ও সমন্বয় প্রয়োজন,” বলা হয় আদেশে। পুঁজিবাজারকে প্রভাবিত করতে পারে- এমন আটটি বিষয়ে সিদ্ধান্ত/বক্তব্য দেওয়ার ক্ষেত্রে এসইসির সঙ্গে আলোচনা, সমন্বয় ও পরামর্শ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ আটটি বিষয়ের মধ্যে রয়েছে- সরকারি কোম্পানির বা কোনো কোম্পানির সরকারি শেয়ার বাজারে আসা-না আসা বিষয়, জাতীয় বাজেটে পুঁজিবাজার সংক্রান্ত যে কোনো কর প্রস্তাব, ব্যাখ্যা ও বিশ্লেষণ, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক পুঁজিবাজার সংক্রান্ত যে কোনো প্রজ্ঞাপন বা নীতি। এছাড়া রয়েছে- পুঁজিবাজারের বিভিন্ন স্টেকহোল্ডার যেমন- স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, ডিপোজিটরি অংশগ্রহণকারী, ব্রোকার, ডিলার, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির পুঁজিবাজার সংশ্লিষ্ট বিষয়ে কোনো সংস্থা, কর্তৃপক্ষ ও সরকারি প্রতিষ্ঠানের যে কোনো প্রজ্ঞাপন বা নীতি এবং সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীদের পুঁজিবাজারে বিনিয়োগ করা বা না করা সংক্রান্ত যে কোনো প্রজ্ঞাপন বা নীতি। শুধু অনুমানের ভিত্তিতে সংবাদ মাধ্যমে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কোনো ধরনের মন্তব্য না করতে বলা হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পুঁজিবাজারে কোনো উদ্যোগ নেওয়া সম্পর্কিত তথ্য, যা পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থার নীতিগত সিদ্ধান্তের প্রয়োজন, এই ধরনের বিষয়ে মন্তব্য করতেও নিষেধ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৭৩৫ ঘ.