ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা দরপতনের প্রেক্ষাপটে পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে মঙ্গলবার বৈঠক ডেকেছে নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
এসইসির মুখপাত্র সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পুঁজিবাজার সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে।
এসইসি কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে এসইসি কর্তৃপক্ষ ছাড়াও দেশের দুই পুঁজিবাজারের প্রতিনিধি, সিডিবিএল, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, আইসিবি, বাংলাদেশ অ্যসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি), অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের প্রতিনিধিরা থাকবেন।
নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড কমিশন প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর ডিসেম্বরে পুঁজিবাজারে কিছুটা স্থিতিশীলতা দেখা গেলেও জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে আবার দরপতন শুরু হয়।
রোববার সপ্তাহের প্রথম দিন ব্যাপক দরপতনে ডিএসই সাধারণ সূচক ৪ হাজার ২০০ পয়েন্টের নিচে নেমে যায়। সেদিন সাধারণ সূচক ৩০৩ পয়েন্ট বা ৬ দশমিক ৭৭ পয়েন্ট কমে ৪ হাজার ১৮৩ পয়েন্ট হয়, যা ২০১০ সালের ডিসেম্বরে দরপতন শুরু হওয়ার পর সর্বনিু।
গত সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে লেনদেন ও সূচক দুটোই কমে। গত সপ্তাহে (২২ থেকে ২৬ জানুয়ারি) সাধারণ সূচক ৪৫৯ পয়েন্ট বা ৯ দশমিক ২৯ শতাংশ কমে। ডিএসইতে গত সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৪১ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ১৯ শতাংশ কম।
ডিএসই-সিএসই বৈঠক
এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে দুই পুঁজিবাজার কর্তৃপক্ষ ডিএসইতে সোমবার বিকেলে আলোচনায় বসবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৪১১ ঘ.
bdnews24