ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা, পরিচালকদের শেয়ার কেনার ঘোষণায় পুঁজিবাজার ঘুরে দাঁড়িয়েছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন ।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসই সাধারণ সূচক ২১৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩২৭ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে প্রায় ১৩০ কোটি টাকা বেশি।
টানা ৬ দিন দরপতনের পর সোমবার ডিএসই সাধারণ সূচক বেড়েছিল ৩ পয়েন্ট।
নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে মঙ্গলবার ৩টি ব্যাংকসহ ৬টি কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা পুঁজিবাজার থেকে তাদের কোম্পানির প্রায় ২৫ লাখ ৪৫ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
এর আগে সোমবার দুটি কোম্পানির ৩ জন উদ্যোক্তা পরিচালক ৪ লাখ ৩৫ হাজার এবং রোববার দুটি কোম্পানির একজন উদ্যোক্তা পরিচালক পুঁজিবাজার থেকে তাদের কোম্পানির ১০ লাখ শেয়ার বাজারমূল্যে কেনার ঘোষণা দেন।
এসব ঘোষণার পর মঙ্গলবার শুরু থেকেই বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়, যা দিনশেষে অব্যাহত থাকে।
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসইসি যে নির্দেশ দিয়েছে তার বাস্তবায়ন শুরু হয়েছে। এর ফলে ইতিবাচক ধারায় ফিরছে বাজারে। আশা করছি, দায়িত্বশীল জায়গা থেকে বেফাঁস কথা না বললে এখন থেকে বাজারে ইতিবাচক ধারা থাকবে।”
তিনি বলেন, “পুঁজিবাজারে তারল্য ও আস্থার সংকট ছিল। উদ্যোক্তা, পরিচালকরা শেয়ার কেনা শুরু করায় তারল্যের পাশাপাশি আস্থাও বাড়ছে।”
পুঁজিবাজারে দরপতন ঠেকাতে গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) জারি করা এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে।
এ ছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং যার কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবতী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবেন।
মঙ্গলবার ডিএসইর প্রকাশ করা হালনাগাদ তালিকা অনুযায়ী, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ১ হাজার ৪৯১ পরিচালকের কাছে ২ শতাংশের কম শেয়ার রয়েছে। এদের মধ্যে ১ হাজার ৯২ জন পরিচালকের শেয়ার ১ শতাংশের কম।
উদ্যোক্তা ও পরিচালকদের কাছে সম্মিলিতভাবে কোম্পানির ৩০ শতাংশের কম শেয়ার থাকা কোম্পানির সংখ্যা ৩৮টি।
এসইসির নির্দেশনা মেনে ৬ মাসের মধ্যে এসব কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পুরণ করতে হবে উদ্যোক্তা পরিচালকদের।
মঙ্গলবার লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৪৯টির, কমেছে ৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২টির দাম। লেনদেন হয়েছে ৩২৭ কোটি টাকার।
দেশের দুই পুঁজিবাজারে অব্যাহত দরপতনের মুখে গত ১৬ নভেম্বর সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে নিতে এবং বাজারকে স্থিতিশীল করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এরপর টানা পাঁচ দিন পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে। কিন্তু ২৩ নভেম্বর প্রণোদনা প্যাকেজ ঘোষণার দিন থেকেই বাজার আবার পতনের ধারায় ফিরে আসে।
দরপতনের এই ধারা চলে গত দুই সপ্তাহ ধরেই। গত সপ্তাহে সাধারণ সূচক কমেছে ৩০৪ পয়েন্ট বা ৫ দশমিক ৮১ শতাংশ। তার আগের সপ্তাহে পুঁজিবাজারের জন্য সরকারের প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর সাধারণ সূচক কমেছিল ১৩৬ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/২০১৬ ঘ.
bdnews24