২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে স্থিতি ফেরানোর তহবিল এ মাসে আনার আশা

পাঁচ হাজার কোটি টাকারও বেশি লক্ষ্যমাত্রা নিয়ে পুঁজিবাজার স্থিতিশীলকরণ তহবিল চলতি মাসের শেষ দিকে বাজারে আসতে পারে বলে আশা প্রকাশ করেছেন ওই তহবিলের উদ্যোক্তাদের একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 01:20 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ হাজার কোটি টাকারও বেশি লক্ষ্যমাত্রা নিয়ে পুঁজিবাজার স্থিতিশীলকরণ তহবিল চলতি মাসের শেষ দিকে বাজারে আসতে পারে বলে আশা প্রকাশ করেছেন ওই তহবিলের উদ্যোক্তাদের একজন। পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে গত ২৩ অক্টোবর ‘ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড’ গঠনের ঘোষণা দেয় ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। এরপর ওই তহবিল নিয়ে আর আলোচনা শোনা না গেলেও পুঁজিবাজারে টানা দরপতনের মধ্যে রোববার বিষয়টি সামনে নিয়ে এলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের সভাপতি সালমান এফ রহমান। আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বিকালে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যানের সঙ্গে অনির্ধারিত বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, “পুঁজিবাজার স্থিতিশীলকারণ তহবিল নিয়ে বিএবি নেতাদের সঙ্গে কাজ করেছি। এটা চালিয়ে যাওয়া হচ্ছে। আশা করছি, ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহের ফান্ডের কার্যক্রম শুরু হবে।” ২৩ অক্টোবর ‘স্টক মার্কেট স্ট্যাবিলাইজেশন তহবিল’ গঠনের ঘোষণা দিয়ে বিএবি সভাপতি নজরুল ইসলাম মজুমদার বলেছিলেন, “এ তহবিলের আকার ৫ হাজার কোটি নয়, এটা আরো বড় হতে পারে। ন্যূনতম ১ হাজার কোটি টাকা নিয়ে আমরা শুরু করবো।” এসইসির সঙ্গে বৈঠক শেষে সালমান এফ রহমান পুঁজিবাজার নিয়ে তার আশাবাদের কথাও জানিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পুঁজিবাজার নিয়ে আমি খুবই আশাবাদী। এসইসি যেসব পদক্ষেপ নিয়েছে, তা বাস্তবায়ন হলে বাজার স্বাভাবিক হয়ে আসবে।” গত ৬ কার্যদিবসে একটানা পতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমেছে ৪২১ পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/আরবি/এমআই/১৯১৫ ঘ.