ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য জিপিএইচ ইস্পাতের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
বুধবার কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয় বলে বৃহস্পতিবার সাংবাদিকদের জানান কমিশনের মুখপাত্র সাইফুর রহমান।
তিনি বলেন, প্রতিষ্ঠানটি দুই কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৬০ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য ধরা হয়েছে ৩০ টাকা। এক্ষেত্রে ২০ টাকা প্রিমিয়াম নেওয়া হবে।
সর্বশেষ তথ্য অনুযায়ী জিপিএইচ ইস্পাতের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩.৬৬ টাকা এবং শেয়ারপ্রতি মোট সম্পদ মূল্য ১২ টাকা ২৩ পয়সা।
আইপিওর অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি ঋণ পরিশোধ করবে বলে জানান সাইফুর। প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করছে ট্রিপল এ কনসালট্যান্টস লিমিটেড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/আরবি/এসইউ/১৫২০ ঘ.
bdnews24