ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার পরিস্থিতি স্থিতিশীল রাখার বিষয়ে প্রধানমন্ত্রী নিজে কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহাদাত উল্লাহ ফিরোজ বলেন, "আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে থেকে তুলে দিয়েছে পুলিশ। আজ আমরা এখানেই (প্রেসক্লাব) অনশন করব। প্রধানমন্ত্রী কোনো সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।"
"আমাদের এখান থেকে তুলে দিলে কেন্দ্রীয় শহীদ মিনারে যাব। সেখানেও থাকতে না দিলে উচ্চ আদালতে গিয়ে আইনের আশ্রয় নেব", যোগ করেন এই বিনিয়োগকারী।
কী দাবিতে এই কর্মসূচি- এ প্রশ্নের জবাবে শাহাদাত বলেন, "অনেকেই অনেক ধরনের পদক্ষপে নিচ্ছে। কিন্তু তাতে পুঁজিবাজার পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। এ কারণে আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে ঘোষণা চাই।"
দুই সপ্তাহ ধরে টানা দরপতনের পর রোববার বেলা ১১টায় লেনদেন শুরুর পর আমরণ অনশনের ঘোষণা দিয়ে ডিএসইর সামনে অবস্থান নেয় ব্যক্তি শ্রেণীর এই বিনিয়োগকারীরা। এ সময় কারো কারো মাথায় 'কাফন' এর প্রতীক হিসেবে সাদা কাপড় বাঁধা দেখা যায়। বিকেলে কয়েকজন রাজনীতিবিদ অনশনস্থলে উপস্থিত হয়ে বিনিয়োগকারীদের পাশে থাকার ঘোষণা দেন।
বিষয়টি সমাধানের জন্য নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কর্মকর্তারা রাতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে মতিঝিলে রাতভর বিক্ষোভ চলে বিনিয়োগকারীদের।
রাতে অনশনস্থলে বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশীদ চৌধুরী সাংবাদিকদের বলেন, "পুঁজিবাজার স্থিতিশীল করার বিষয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস না পাওয়া পর্যন্ত অথবা প্রধানমন্ত্রীর কোনো প্রতিনিধি এসে আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা অনশন ভাঙব না।"
এরপর সোমবার সকালে মতিঝিল থানা পুলিশ ডিএসইর সামনে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের তুলে দেয়। তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়লেও দুপুরে আবার প্রেসক্লাবে জড়ো হন তারা।
এরই মধ্যে আন্দোলনকারীদের একটি দাবি মেনে পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে আয়কর রেয়াত, মিউচুয়াল ফান্ডের ওপর আরোপিত কর মওকুফ এবং ব্রোকারেজ কমিশনের উৎসে আয়কর কমানোর বিষয়ে আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এছাড়া পুঁজিবাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকারকে পরামর্শ দেওয়ার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উপদেষ্টা কমিটি করারও ঘোষণা দেওয়া হয়।
এরপরও আন্দোলন চালিয়ে যাওয়ার যৌক্তিকতা আছে কি না- এমন প্রশ্ন করলে শাহাদাত উল্লাহ ফিরোজ বলেন, "আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে আশ্বাস চাই। মাননীয় প্রধানমন্ত্রী, এই চাওয়া কি আমাদের অপরাধ?"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/১৫২১ ঘ.
bdnews24